নোয়াখালীতে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা চালককে মৃত ঘোষণা করেন। নিহত চালকের নাম মো. মেজবাহ উদ্দিন ওরফে রাব্বি (২৮)। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে কবিরহাট সরকারি কলেজের পশ্চিম পাশে এনায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত রাব্বি কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের ইমাম উদ্দিনের ছেলে। ঘটনার খবর পেয়ে রাত ১০টার দিকে কবিরহাট থানার পুলিশ হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকালে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর এলাকার হোসেন সর্দার বাড়ির মো. রাসেল (৩০) এবং ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকার মাইন উদ্দিন (২৮)।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তরা কবিরাহাট সরকারি কলেজের পশ্চিম পাশে এনায়েতনগর এলাকায় চালক মেজবাহকে ঘাড়–বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। পরে পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস কে দেবনাথ প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির ঘাড়–বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের মতো ক্ষত দেখা গেছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় নিহত মেজবাহর মা তাজনাহার বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে কবিরহাট থানায় হত্যা মামলা করেছেন।