পুলিশের ওপর হামলার মামলায় ১০ জনের দুই বছর করে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় করা মামলায় ১০ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের কাজী পাভেল, একই গ্রামের কাজী নূরে আলম, কাজী শাহনূর, কাজী বশির, কাজী মনজু ও মো. এমরান, কাজী জাহিদ, কাজী শাকিল, কাজী সুবেল ও বেলাল মোল্লা। তাঁদের মধ্যে আসামি এমরান পলাতক।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের পরিদর্শক কাজী দিদারুল আলম প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত ৯ আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার এজাহার ও আদালত সূত্রে গেছে, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে দুটি মামলায় কাজী পাভেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই বছরের ৫ ফেব্রুয়ারি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পাভেলকে গ্রেপ্তারের জন্য সদর উপজেলার ঘাটুরা গ্রামের কাজী বাড়িতে অভিযানে যায়। ওই সময় পাভেলের পরিবারের সদস্যরাসহ কাজী বাড়ির অন্য ব্যক্তিরা পুলিশের ওপর হামলা চালান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।
ওই দিন রাতে এসআই মো. নাজমুল আলম বাদী হয়ে ১০ জনকে আসামি করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেন। পরে আরও সাত আসামিকে গ্রেপ্তার করা হয়। এরপর ২০১৮ সালেই ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আজ মামলার রায়ে ১০ জনের জামিন আবেদন নামঞ্জুর করে দুই বছর করে কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে পলাতক আসামি এমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।