চায়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ব্যবসায়ীর টাকা লুটের চেষ্টা, গ্রেপ্তার ৪
জয়পুরহাটে চায়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে শাহ আলম নামের এক গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুটের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে শাহ আলম বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন। এ মামলায় গতকাল রাতেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল সকালে জয়পুরহাট শহরের নতুন হাটের গো-হাটিতে ওই ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জেলা শহরের নতুনহাট শেখপাড়া মহল্লার বাবু মিয়া (৪৫), তাঁর বোন লাকী বেগম (৫০), একই এলাকার মামুন হোসেন (৩৫) ও চকদাদরা এলাকার পলি আক্তার (২১)। মামলার বাদী শাহ আলম নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল সকালে শাহ আলম গরু কিনতে নারায়ণগঞ্জ থেকে জয়পুরহাট শহরের নতুন হাটে আসেন। তাঁর কাছে ৫ লাখ ৪০ হাজার টাকা ছিল। তিনি হাটের আতিয়ার রহমানের রেস্তোরাঁয় খাবার খেয়ে চা অর্ডার করেন। এ সময় ওই রেস্তোরাঁর কর্মচারী বাবু মিয়া পাশের দোকান থেকে চা এনে শাহ আলমকে দেন। ওই চা পান করে শাহ আলম অসুস্থ বোধ করলে বাবু মিয়া ও তাঁর সহযোগীরা কৌশলে শাহ আলমের টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় শাহ আলমের সঙ্গে বাবু মিয়া ও তাঁর সহযোগীদের হাতাহাতি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে শাহ আলমকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে যান।
পরে হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল রাতে শাহ আলম জয়পুরহাট সদর থানায় একটি মামলা করেন। পরে গতকাল রাতেই পুলিশ মামলার চার আসামিকে গ্রেপ্তার করে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, মামলার চার আসামিকে গতকাল রাতে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।