গোরস্তানের আগাছা পরিষ্কার করতে গিয়ে এলাকাবাসী দেখলেন ৯টি কবর খোঁড়া
গাজীপুরের কালিয়াকৈরে রাতের অন্ধকারে একটি গোরস্তানে ৯টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে সেখানে গিয়ে এলাকাবাসী বিষয়টি জানতে পারেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানটিতে দীর্ঘদিন ধরে আগাছা জন্মে আছে। আজ সকালে সেখানে আগাছা পরিষ্কার করতে গিয়ে একাধিক কবর খোঁড়া দেখতে পান এলাকাবাসী। পরে কবরের মাটি সরিয়ে দেখেন, সেখানে লাশ নেই। খবর শুনে ওই গোরস্তানে দাফন করা ব্যক্তিদের স্বজনেরা এসে উপস্থিত হন। এ সময় এলাকাবাসী গোরস্তানে কবর খোঁড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখেন। তাঁরা অনুসন্ধান করে দেখতে পান, সেখানে ৯টি কবরে কঙ্কাল নেই। পরে সকালেই খোঁড়া কবরগুলোয় মাটিচাপা দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা সাদিক মিয়া বলেন, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। আশপাশের কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে কি না, তাঁরা খোঁজ নিয়ে দেখছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কঙ্কাল চুরির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।