কোনো দল নির্বাচনে না এলে তো সংবিধান লঙ্ঘন করতে পারি না: ইসি রাশেদা সুলতানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় বক্তব্য দেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শুক্রবার দুপুরে সার্কিট হাউসে
ছবি: প্রথম আলো

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘কোনো দল নির্বাচনে না এলে তো আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না, দেশে ক্রাইসিস তৈরি করে দিতে পারি না। সেটা উচিত হবে না, এতে নৈরাজ্যমূলক অবস্থার সৃষ্টি হবে। দেশ ও জনগণের ক্ষতি হবে।’

শুক্রবার দুপুরে বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে আসন্ন জেলা পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদা সুলতানা।

রাশেদা সুলতানা বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট কারচুপির সুযোগ নেই। ইভিএম নিয়ে সংশয়ের কথা বললেও কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত ইভিএমে কী ত্রুটি আছে, তার কোনো প্রমাণ দিতে পারেনি। সব দিক বিবেচনা করেই আগামী জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের বুথে বুথে সিসি ক্যামেরা থাকলেও জেলা পরিষদ নির্বাচনে বুথে কোনো সিসি ক্যামেরা থাকছে না বলেও জানিয়েছেন তিনি।

ইভিএমের পক্ষে যুক্তি তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, ‘ইভিএমে নাকি ভোট কারচুপি হয়, ফলাফল পাল্টে দেওয়া হয়। কিন্তু বিগত দিনে ইলেকশন করে দেখেছি, ইভিএম আসলেই ভালো। ইভিএমে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, এতে ভোট নিরাপদ।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মনে করেন রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘আমরা এখনো চাচ্ছি, সব দল নির্বাচনে আসুক। কমিশনের সামনে নির্বাচন করার আইন দেওয়া আছে, সংবিধান আছে। আইনের কাঠামোতে থেকেই আমরা নির্বাচন করব।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা তাঁদের সংলাপে ডেকেছি। বিএনপি যদি মনে করে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না, এটি তাঁরা করতেই পারেন। এখানে বলার কিছু নেই। তবে নির্বাচন কমিশন সংবিধান মেনে ভোট করবে। আমরা আশা করব, তাঁরা ভোটে আসবেন। আমরা বিশ্বাস করি আসবেন, কারণ তাঁরাও দেশকে ভালোবাসেন।’

সভায় সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে বগুড়ার পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী বক্তব্য দেন।