নেত্রকোনায় ছাত্রদলের ২ নেতাকে অব্যাহতি, ৮ জনকে নোটিশ
সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে নেত্রকোনায় ছাত্রদলের দুই নেতাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর আটজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) আশরাফুল ইসলাম পাঠান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
আজ মঙ্গলবার সকালে অব্যাহতির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় জরুরি সভা করে সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, জাতীয়তাবাদী ছাত্রদল শৃঙ্খলা, দলের প্রতি অঙ্গীকারবদ্ধ ও আনুগত্য বিশ্বাস করে। সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে এসব নেতাদের সাংগঠনিক নিষ্ক্রিয়তা জেলা ছাত্রদলের দৃষ্টিগোচর হয়েছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। তাই দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি ও আটজনকে নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের প্রতি কেন শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন দিনের মধ্যে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে স্বশরীর উপস্থিত হয়ে লিখিত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন সদর উপজেলার মদনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শুভ সায়েম সিদ্দিকী ও কাইলাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আনোয়ার। আর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে মদন পৌর ছাত্রদলের সদস্যসচিব সনি আকন্দ, মদন উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন মিয়া, শুনই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইদ্রিস মিয়া, লুনেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু হাসান, তেলিগাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল মিয়া, দুওজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিরন হাসান ও সুখারি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বিদ্যা মিয়াকে।
এ বিষয়ে জানতে অব্যাহতি দেওয়া দুই নেতার মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। আর মদন পৌর ছাত্রদলের সদস্যসচিব সনি আকন্দ, ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামসহ বেশ কয়েকজন জানান, তাঁরা বিষয়টি শুনেছেন, তবে এখনো চিঠি হাতে পাননি। আর সাংগঠনিক কার্যক্রমে তাঁরা নিষ্ক্রিয় নন দাবি করে বলেন, এ ব্যাপারে দলের কাছে যথাযথ ব্যাখ্যা দেবেন।