গাংনীতে তিনটি ককটেল উদ্ধার, ছাত্রলীগের বিক্ষোভ
মেহেরপুর গাংনী শহরের উত্তর পাড়া থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে আটটায় গাংনী পৌর শহরের উত্তর পাড়ার একটি মাছের হ্যাচারি থেকে ককটেল তিনটি উদ্ধার করা হয়।
গাংনী থানা-পুলিশ জানায়, ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, গাংনী পৌর শহরের উত্তর পাড়ায় সরকারি পরিত্যক্ত একটি মাছের হ্যাচারির পাশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় পড়ে থাকা একটি ব্যাগ থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়।
ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের দায়ী করে শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর পাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামানের ব্যক্তিগত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্রলীগ নেতারা বক্তব্য দেন।
ছাত্রলীগের অভিযোগ মিথ্যা দাবি করেছে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।
সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে ছাত্রলীগের নেতা-কর্মীরা সন্ধ্যায় গাংনী শহরে একটি মিছিল বের করেন। এ ঘটনার পরে উত্তর পাড়াতে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সম্প্রতি গাংনীতে বিএনপির নেতা-কর্মীরা সরব হয়েছেন। তাঁরা বোমা বিস্ফোরণ করে গাংনীর শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে চাচ্ছেন। অতিসত্বর তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন, শ্রমিক লীগ নেতা মনিরুজ্জামান প্রমুখ।
ছাত্রলীগের অভিযোগ মিথ্যা দাবি করে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, বিএনপি নেতা এডাম ও জামাল বাজার থেকে বাড়ি যাওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের কয়েকজন তাঁদের ধাওয়া করেন। তাঁরা পালিয়ে যান। অথচ উল্টো বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিস্ফোরণের স্থান পরিদর্শন করেছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও র্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি দল। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, অবিস্ফোরিত তিনটি ককটেল প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ককটেল রাখা ও বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।