নোয়াখালীতে শ্বশুরবাড়ি থেকে জামাতার লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর বাগ্গা এলাকায় শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে জামাতার লাশ উদ্ধার করেছে চর জব্বর থানা–পুলিশ। তাঁর নাম মো. ছালা উদ্দিন (৩১)। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চর বাগ্গা এলাকার স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত ছালা উদ্দিনের পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।

ছালা উদ্দিন চর জুবলী ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের আতর আলীর ছেলে। তাঁর বড় ভাই আবুল বাসার বলেন, কয়েক দিন আগে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে ছালা উদ্দিন তাঁর স্ত্রী আজিমা খাতুনকে (২৬) মারধর করেন। পরে আজিমা খাতুন বাবার বাড়িতে চলে যান। তাঁর বাবার বাড়ির লোকজন এলাকায় রাজনৈতিকভাবে প্রভাবশালী। গতকাল রোববার রাতে তাঁর ভাই স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। আজ সকালে আজিমার বড় বোন ফোন করে জানান, ছালা উদ্দিন ফাঁস নিয়েছেন। শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে ভাইকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার দাবি করেন তিনি।

আজিমা খাতুন দাবি করেন, গতকাল রাতে তাঁর স্বামী তাঁকে ফিরিয়ে নিতে তাঁদের বাড়িতে আসেন। কিন্তু তখন তিনি তাঁর অসুস্থ বড় ভাইয়ের বাড়িতে ছিলেন। সকালে তিনি বাবার বাড়ি ফিরে দেখেন ঘরের ভেতর তাঁর স্বামীর লাশ ঝুলছে। তখন তিনি চিৎকার দিয়ে ঘটনাটি বাড়ির লোকজনকে জানান।

সুবর্ণচরের চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। তবে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।