গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে কারখানা শ্রমিক নিহত, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা

গাজীপুর সদর উপজেলার জয়দেবপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ বুধবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার পিরুজালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা সবাই ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের তালতলী এলাকার ওয়ান কম্পোজিট কারখানার শ্রমিক বলে জানা গেছে।

নিহত নুরুন নাহার বেগম (৩৬) কালিয়াকৈর উপজেলার সিরাজপুর গ্রামের আলী হোসেনের স্ত্রী। আহত ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম (৩২), সালমা বেগম (২৫), হারেজ আলী (২২) ও মো. সরোয়ার (৩০)।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন জানান, ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের তালতলী এলাকার ওয়ান কম্পোজিট কারখানায় যাচ্ছিল। পথে পিরুজালী মধ্যপাড়া খলিফা মার্কেটের কাছাকাছি পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। আহত হন আরও চারজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় মনিপুর পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন।