বিএনপি রাজনৈতিক অঙ্গীকার থেকে সরে যাচ্ছে: মঞ্জু

এবি পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শনিবার বিকেলে দিনাজপুরের বিরামপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনেছবি: সংগৃহীত

‘বিএনপি পূর্বে ঘোষণা দিয়েছিল যে তারা ক্ষমতায় গেলে একটি জাতীয় সরকার গঠন করবে। সকল রাজনৈতিক পক্ষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। জন–আকাঙ্ক্ষা বুকে ধারণ করে তারা বলেছিল “সবার আগে বাংলাদেশ” হবে তাদের মূলনীতি। কিন্তু বাস্তবে ক্ষমতার রাজনীতিতে এসে তারা তাদের সেই রাজনৈতিক অঙ্গীকার থেকে সরে যাচ্ছে। ঐক্য ও জাতীয় সরকারের কথা বললেও শুরুতেই বিএনপির একদলীয় নীতি স্পষ্ট।’

শনিবার বিকেলে দিনাজপুরের বিরামপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এবি পার্টির দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ কথা বলেন।

দলের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব শাহিনুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় এবি পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মজিবুর রহমান মঞ্জু তাঁর বক্তব্যে বলেন, কোনো সরকারের একদলীয় নীতি দেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা এখন সবচেয়ে জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুল বাসেত মারজান, সহসাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, ছাত্রশিবিরের দিনাজপুর জেলা সভাপতি আবুল কালাম আজাদ।