গাছের আড়াল থেকে গ্রামীণ ব্যাংকের শাখায় ছোড়া হলো দুটি পেট্রলবোমা

চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের এ শাখাটিতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। আজ দুপুরের উপজেলার কাশিয়াইশ থেকে তোলাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করার অভিযোগ উঠেছে। ব্যাংকের ব্যবস্থাপক ও নৈশপ্রহরীরা দ্রুত বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার কাশিয়াইশে (পিঙ্গলা) এ ঘটনা ঘটে।

ব্যাংকের ব্যবস্থাপকের দায়িত্বে থাকা শম্ভু চন্দ্র দে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের দেয়ালে পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টা করে। এ সময় ব্যাংকের নিচে দুই নৈশপ্রহরী পাহারায় ছিলেন। তিনি ওপরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। শব্দ শুনে নিচে এসে দেয়ালের পাশে হালকা আগুন ও ধোঁয়া দেখতে পান। পরে তিনি ও নৈশপ্রহরীরা দ্রুত বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শম্ভু চন্দ্র দে বলেন, ঘটনার পরপরই থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ব্যাংক শাখার নৈশপ্রহরী মোহাম্মদ ফজল বলেন, তিনি ভোরে সড়কের পাশে ব্যাংকের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। পাঁচটার দিকে তিনজন ব্যক্তি গাছের আড়াল থেকে এসে পরপর দুটি পেট্রলবোমা ব্যাংকের ফটকসংলগ্ন দেয়ালের দিকে নিক্ষেপ করেন। এরপর হামলাকারীরা পালিয়ে যান। দ্রুত বালু, পানি দিয়ে তিনিসহ ব্যাংকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে ব্যাংকের দেয়ালে ধোঁয়ায় কালো হয়ে যাওয়ার চিহ্ন দেখতে পেয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।