জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে সমাবেশ করবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী শনিবার (১৪ মার্চ) বেলা আড়াইটার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
‘ত্বকী সমাবেশে’ প্রতিবাদী বক্তব্য, কবিতা, গান, আবৃত্তি, নাটক ও পারফর্মিং আর্ট উপস্থাপন করা হবে। পাশাপাশি উন্মুক্ত ক্যানভাসে আঁকা হবে প্রতিবাদী চিত্রকর্ম। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকেরা বক্তব্য দেবেন। আজ বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র্যাব এক সংবাদ সম্মেলনে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাঁদের একটি টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে এবং শিগগিরই অভিযোগপত্র আদালতে দেওয়া হবে। তবে এখনো এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়নি।
ত্বকী হত্যার বিচার শুরুর দাবি ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। একই দাবিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চও শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নানা প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে থাকে।