আড়াইহাজারে বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা নিতে ‘গড়িমসি’, ওসিকে বদলি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা ওসমান গণিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা নিতে গড়িমসির অভিযোগের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনকে বদলি করা হয়েছে। তাঁকে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিএসবি) বদলি করা হয়েছে।
আড়াইহাজার থানায় নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে সবজেল হোসেনকে। তিনি ডিএসবির পরিদর্শক পদে কর্মরত ছিলেন। আজ রোববার সকালে নতুন ওসি যোগদান করেছেন। তবে কী কারণে এই বদলি হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ প্রশাসন।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম প্রথম আলোকে বলেন, আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিনকে ডিএসবিতে বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সবজেল হোসেন। তিনি বলেন, ওসমান গণি হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এর আগে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা নিতে গড়িমসি এবং আসামির নাম বাদ দিতে চাপ দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। নিহত ওসমান গণির পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তাঁরা যাঁদের সন্দেহভাজন হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করতে চেয়েছেন, তাঁদের নাম বাদ দিতে থানা থেকে চাপ দেওয়া হচ্ছিল। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছিলেন সাবেক ওসি মো. আলাউদ্দিন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে ওসমান গণিকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত ওসমান গণির স্বজন, সমর্থক ও এলাকাবাসী ওই দিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত আড়াইহাজার-গাউছিয়া সড়ক কয়েক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীসহ ছয়জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।