ভিডিও তৈরি করে পর্নো সাইটে বিক্রির অভিযোগে নরসিংদীতে যুবক আটক
নরসিংদীতে নিজ বাসায় ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নো সাইটে বিক্রির অভিযোগে এক যুবককে (৪০) আটক করেছে পলাশ থানা–পুলিশ। একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যে আজ শুক্রবার পলাশ উপজেলার ঘোড়াশালে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন। আটক যুবক গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা। তবে নরসিংদীর মাধবদীতে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
পুলিশ বলছে, ওই যুবক দীর্ঘদিন ধরে মাধবদীর ওই বাসায় নগ্ন ভিডিও তৈরি করে আসছেন। পরে এসব ভিডিও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নো সাইটে বিক্রি করতেন। তাঁর ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় গোয়েন্দারা।
গোয়েন্দাদের নজরদারি টের পেয়ে আজ দুপুরের দিকে পরিবারটি মাধবদী ছেড়ে পলাশের ঘোড়াশাল এলাকায় বাসা বদল করে। গোয়েন্দাদের একটি দল তাদের মালামাল বহনকারী গাড়ি নজরদারিতে রাখে। পরে পলাশ থানা–পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ওই বাসা থেকে পর্নোগ্রাফি–সংক্রান্ত নানা আলামত পাওয়া গেছে। ওই যুবককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।