গ্রেপ্তার বাঁশখালীর ইউপি চেয়ারম্যানকে এবার বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লেয়াকত আলী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. লেয়াকত আলীকে তাঁর দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের কথা জানানো হয়। বিষয়টি আজ দুপুরে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা।

লেয়াকত আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২১ সালের ১০ জানুয়ারি তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে এরপরও নানাভাবে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। এস আলম গ্রুপের করা একটি মামলায় বর্তমানে তিনি কারাগারে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৮ ফেব্রুয়ারি গন্ডামারা ইউনিয়নে নির্মিত এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক এসএস পাওয়ার প্ল্যান্টে ঠিকাদারের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় বাঁশখালী থানায় হওয়া মামলায় লেয়াকত আলীকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালের ৪ জুন বাঁশখালী আলাওল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির ব্যানারে এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য দেন লেয়াকত আলী। গন্ডামারা এসএস পাওয়ার প্ল্যান্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়, ভূমি ও জলদস্যুতাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকায় ত্রাস সৃষ্টি, উপকূলীয় জলদস্যু বাহিনীর সঙ্গে তাঁর সম্পৃক্ততা, পাহাড়ি ও দেশীয় সন্ত্রাসীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে প্রজ্ঞাপনে বলা হয়।

বাঁশখালী নির্বাচন কার্যালয় সূত্র জানায়, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪ (খ) (ঘ) ধারা অনুযায়ী অপরাধ সংঘটিত করায় লেয়াকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চট্টগ্রাম জেলা প্রশাসক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করলে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার বিধান অনুসারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।

গত ৯ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান লেয়াকত আলীকে গ্রেপ্তার করেছিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, এস আলম গ্রুপের মালিকানাধীন গন্ডামারা বিদ্যুৎকেন্দ্র এলাকায় ৮ ফেব্রুয়ারি বিকেলে বালু ভরাটের কাজ শুরু করেন জাহিদী হাসান নামের এক ঠিকাদারের শ্রমিকেরা। তাঁরা বালুর পাইপ বসাতে গেলে লেয়াকত আলীর লোকজন বাধা দেন। একপর্যায়ে ঠিকাদারের গাড়ি আটকে সুপারভাইজারকে মারধর করা হয়। ওই সময় খবর পেয়ে গন্ডামারা পুলিশ ফাঁড়ির সদস্যরা গেলে তাঁদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করেন লেয়াকত আলীর লোকজন। ওই সময় সংঘর্ষে আহত হন বাঁশখালী থানার চার পুলিশ সদস্য। ঘটনার পর পুলিশ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুটি মামলা হলে পরদিন সকালে লেয়াকত আলীকে গ্রেপ্তার করা হয়।