নোয়াখালীতে জামায়াতের গণসংযোগে হামলার অভিযোগ, আহত ৬

আহত জামায়াতের ইসলামীর এক সমর্থককে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগেছবি: প্রথম আলো

নোয়াখালীর বেগমগঞ্জে (নোয়াখালী-৩ আসন) জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের কাজিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জামায়াতের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীরা এ হামলায় জড়িত। এতে তাঁদের অন্তত ছয়জন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন মো. জাহিদ হোসেন (২০), মো. হৃদয় (২৭), মো. অনিক (১৯), মো. অপূর্ব (১৯), সাইফ উদ্দিন (১৮) ও মো. নজরুল ইসলাম ওরফে সাগর হাবিব উল্লাহ (২৫)। এর মধ্যে মো. জাহিদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে আলাইয়াপুর ইউনিয়নের এনায়েপুর গ্রামে দাঁড়িপাল্লার গণসংযোগে যান প্রার্থী মো. বোরহান উদ্দিনের কর্মী-সমর্থকেরা। গণসংযোগের একপর্যায়ে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের কর্মীরা স্থানীয় কাজিবাড়ি এলাকায় গেলে বিএনপির কর্মীরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদের অভিযোগ, স্থানীয় বিএনপির কর্মীরা তাঁদের গণসংযোগে বাধা দিয়েছেন। একপর্যায়ে তাঁদের ওপর সড়কের দুই দিক থেকে হামলা চালানো হয়েছে। এতে সাতজন নেতা–কর্মী আহত হয়েছেন। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তির অবিলম্বে গ্রেপ্তার চান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির আলাইয়াপুর ইউনিয়নের সভাপতি মীর জুমলা মিঠু প্রথম আলোকে বলেন, দাঁড়িপাল্লার গণসংযোগে হামলার অভিযোগ ভিত্তিহীন। বরং তাঁরা (দাঁড়িপাল্লার কর্মী) কাজিবাড়ি এলাকা থেকে ধানের শীষের এক কর্মীকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন তাঁদের ধাওয়া দেয়। পরে পালানোর সময় সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে কেউ কেউ আহত হয়েছেন। ধানের শীষের কর্মীকে তুলে নেওয়ার চেষ্টার ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন।

জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। এক পক্ষ (জামায়াত) থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করছে।’