রূপগঞ্জে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ বাবা-মেয়ের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বহুতল ভবনে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় এখনো চিকিৎসাধীন মা ও ছেলে। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
মারা যাওয়া দুজন হলেন আলী আহমদ (৬৩) ও তাঁর শারীরিক প্রতিবন্ধী মেয়ে সাহারা বেগম (২৪)। তাঁদের বাড়ি সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলায়। তাঁরা রূপগঞ্জের আউখাব এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এর আগে গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আলী আহমদের শ্যালক জমির উদ্দিন মারা যান। নিহত আলী আহমদের স্ত্রী হাসন বানু (৫৫) ও তাঁদের ছেলে ওমর ফারুক (১৫) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, গতকাল রাত ৮টায় সাহারা বেগম এবং রাত ৯টায় সাহারার বাবা আলী আহমদ মারা যান। সাহারার শরীরের ৩০ শতাংশ এবং আলী আহমদের শরীরের ৫৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় আলী আহমদের স্ত্রী হাসন বানু ৪৬ শতাংশ এবং তাঁদের ছেলে ওমর ফারুক ১৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন।
৩ নভেম্বর দিবাগত রাত একটার দিকে উপজেলার আউখাব এলাকায় জাহাঙ্গীর মিয়ার তিনতলা ভবনের নিচতলায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসাটিতে রান্নার কাজের জন্য তিতাস গ্যাসের সংযোগ আছে। গ্যাসলাইনে গ্যাসের চাপ কম থাকায় তাঁরা একটি কম্প্রেসরের মাধ্যমে চাপ বাড়ানোর ব্যবস্থা করেন। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাসের চাপ বেড়ে গিয়ে গ্যাসলাইনের লিকেজ থেকে কক্ষে গ্যাস জমে যায়। পরে কোনোভাবে ঘরে আগুনের স্পার্ক হলে ঘরটিতে বিস্ফোরণ ঘটে। এতে কক্ষে থাকা পাঁচজনই দগ্ধ হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেন। পরে তাঁদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।