প্রধানমন্ত্রীর সফর ঘিরে রংপুরবাসীর যত দাবি
প্রায় সাড়ে চার বছর পর আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সফরে যাচ্ছেন। আগামী বুধবার রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের আয়োজনে বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য দেবেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর রংপুর সফরে তিস্তা নদীর মহাপরিকল্পনা নিয়ে আশার কথা জানিয়েছেন তিস্তাপাড়ের মানুষেরা। সেই সঙ্গে আরও অনেক দাবিও উঠে আসছে তাঁদের কথায়।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’–এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। সংগঠনটির উপদেষ্টা রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তাফিজার রহমান বলেন, তিস্তা নদী উত্তরের মানুষের জন্য বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে। এই অঞ্চলের দুই কোটি মানুষের চাওয়া পদ্মা সেতুর মতো জনগুরুত্বপূর্ণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হোক।
মোস্তাফিজার রহমান আরও বলেন, উত্তরাঞ্চল দেশের শস্যভান্ডার হলেও প্রতিবছর তিস্তার কারণে আবাদি জমিসহ ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। এভাবে এই শস্যভান্ডার বিনষ্ট হতে থাকলে ভবিষ্যতে বাংলাদেশকে আমদানি নির্ভর হতে হবে। বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি। এই মহাপরিকল্পনা বাস্তবায়িত না হলে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি পরিবেশ, প্রতিবেশসহ জীববৈচিত্র্য হুমকিতে পড়বে।
তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সফিয়ার রহমান বলেন, ‘আশা করি, তিস্তার মহাপরিকল্পনা নিয়ে রংপুরবাসীর স্বপ্ন পূরণ করবেন প্রধানমন্ত্রী।’
তিস্তা নদীর মহাপরিকল্পনা ছাড়াও আখমাড়াই বন্ধ থাকা শ্যামপুর চিনিকল পুনরায় চালুর দাবিও উঠেছে। এ প্রসঙ্গে শ্যামপুর চিনিকল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, ‘চিনিকল চালু হোক। আবার কর্মচাঞ্চল্য ফিরে আসুক কারখানায়।’ চিনিকলটি চালুর দাবিতে এরই মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
২০২০ সালের ১ ডিসেম্বর এই চিনিকল বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ হলেও এখনো এ প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকসহ ৭১ জন কর্মকর্তা-কর্মচারী আছেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর সফর ঘিরে রংপুর থেকে ঢাকাগামী একটি আন্তনগর দিবাকালীন ট্রেনের দাবি উঠে আসছে। চিকিৎসা সুবিধার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিকায়ন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ রংপুর মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিও উঠেছে।
ট্রেনের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা নাগরিক সংগঠন রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী বলেন, ‘অন্ততপক্ষে রংপুর থেকে দিবাকালীন একটি ট্রেন চালুর দাবি জানাই। আমরা প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছি। আশা করি, তিনি নিরাশ করবেন না।’
২০০১ সালে রংপুরে ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলেও সেটি আলোর মুখ দেখেনি। সেই বিশ্ববিদ্যালয় নতুন করে স্থাপনের দাবি জানিয়েছেন রংপুর ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল ও কলেজের চেয়ারম্যান সেরাফুল হোসেন। তিনি বলেন, রংপুর বিভাগের প্রায় দুই কোটি মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিকায়ন করে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক।