চট্টগ্রাম বন্দরের জলসীমায় আবারও দুই জাহাজের সংঘর্ষ

সংঘর্ষে একটি জাহাজের বাইরের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছেছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার দিবাগত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুই জাহাজের নাবিকেরা নিরাপদে রয়েছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, রাতে আলফা অ্যাংকরেজে নোঙর করার চেষ্টা করছিল সিমেন্ট তৈরির কাঁচামালবাহী জাহাজ ‘এমভি আনাসসা’। এ সময় সেটি সেখানে আগে থেকে নোঙর করে থাকা ‘এমভি জাহান জাহাব’ নামের আরেকটি জাহাজকে ধাক্কা দেয়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রবল স্রোতের কারণে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে আনাসসার বাইরের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো জাহাজে পানি প্রবেশ করেনি। উভয় জাহাজ নিরাপদে আলাদা হয়ে আবার নোঙর করেছে। বহির্নোঙরে নৌ চলাচলও স্বাভাবিক রয়েছে। জাহাজ দুটিতে ২১ জন নাবিক রয়েছেন। তাঁরা সবাই নিরাপদে আছেন।

বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনাসসায় প্রায় ৩৫ হাজার টন সিমেন্ট তৈরির কাঁচামাল স্ল্যাগ আনা হয়েছে। অন্যদিকে জাহাব জাহান গত ২৬ জুলাই মোংলা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। জাহাজটি পরবর্তী গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এর আগে গত শুক্রবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডিজেলবাহী ট্যাংকার ‘এমটি সি স্পাইক’ নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার ‘এমভি সান শাইন’-এর সঙ্গে সংঘর্ষে জড়ায়। ফলে কয়েক দিনের ব্যবধানে বহির্নোঙরে এটি দ্বিতীয় জাহাজ দুর্ঘটনা।