সাপে কাটছে গ্রামে আর ওষুধ আছে জেলা শহরে
দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রদীপ কুমার রায়কে (২২) সাপে কাটে ২ জুলাই। তিনি তাঁর গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভেদাইলে ছিলেন তখন। কিন্তু উপজেলায় সাপে কাটার কোনো চিকিৎসা পাননি তিনি। পরে ওই দিনই তিনি মারা যান।
এখন বর্ষা মৌসুম। গ্রামের পথে-প্রান্তরে, কোথাও কোথাও বসতভিটার আশপাশে পানি জমেছে। ফলে গর্ত থেকে সাপ বেরিয়ে আসায় গ্রামাঞ্চলে বিষধর সাপের উপদ্রব বেড়েছে। এতে সাপে কাটা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তবে উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সাপে কাটার রোগীর চিকিৎসা না থাকায় রোগীকে আসতে হচ্ছে জেলা শহরে। এতে মৃত্যুঝুঁকি বাড়ছে।
মে থেকে সেপ্টেম্বর—এই মাসগুলোতে সাপে কাটার ঘটনা ঘটে বেশি। তবে কতজনের মৃত্যু হয়, এর সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাপ কামড়ালে তিনভাবে বিষ মানুষের শরীরে প্রভাব ফেলে। হেমোটক্সিন হয় বা রক্তকে দূষিত করে, মায়োটক্সিন বা মাংসপেশিকে অকার্যকর করে দেয় এবং নিউরোটক্সিন; অর্থাৎ মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট করে দেয়। বিষধর সাপ কামড়ালে রোগীর শরীরে সময়মতো সাপে কাটার ওষুধ অ্যান্টিভেনম প্রয়োগ করতে হয়।
ঠাকুরগাঁও শহরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পাশাপাশি চারটি উপজেলায় একটি করে ৫০ শয্যার সরকারি হাসপাতাল আছে। জেলা শহরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে অ্যান্টিভেনম মজুত থাকলেও উপজেলা হাসপাতালে নেই। যদিও উপজেলা পর্যায়ের গ্রামগুলোতে সাপে কাটার ঘটনা বেশি। সাপে কাটা রোগীকে যখন দ্রুততম সময়ে চিকিৎসা দেওয়া প্রয়োজন, তখন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা শহরের হাসপাতালে পৌঁছাতে অনেকটা সময় চলে যায়। এতে রোগীর মৃত্যুঝুঁকি বাড়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০২০ সালের পর অ্যান্টিভেনম সরবরাহ পায়নি। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আসাদুজ্জামান বলেন, তাঁরা প্রতি মাসেই অ্যান্টিভেনমের চাহিদা দিয়ে আসছেন। কিন্তু এখনো পাওয়া যায়নি। বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অ্যান্টিভেনম নেই।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল জব্বার বলেন, বছর তিনেক ধরে হাসপাতালে অ্যান্টিভেনমের সরবরাহ নেই।
রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফিরোজ আলম বলেন, দুই বছর ধরে সেখানে অ্যান্টিভেনম মজুত নেই। সাপে কাটা রোগী এলে তাঁরা ঠাকুরগাঁও বা দিনাজপুরের হাসপাতালে পাঠিয়ে দেন। ঠাকুরগাঁও জেলা শহরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে গত ১০ মে ১০০টি অ্যান্টিভেনম সরবরাহ করা হয়েছে।
সাপের কামড়ে মৃত্যুর ঘটনা
৮ জুলাই ঘুমিয়ে থাকা অবস্থায় হরিপুর উপজেলার রাজাদীঘি গ্রামের খেলদার চন্দ্রের স্ত্রী প্রমিলা রানীকে (৪৭) সাপে কাটে। স্বজনেরা বলেন, স্থানীয় হাসপাতালে সাপে কাটার ওষুধ নেই জানতে পেরে তাঁরা এক ওঝাকে নিয়ে এসে ঝাড়ফুঁক করেন। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি।
একই দিনে রানীশংকৈল উপজেলায় ধুমপুকুর গ্রামের চাপোয়া রামকে (৪০) বিষধর সাপে কামড় দেয়। তাঁকে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। পরে তাঁর মৃত্যু হয়।
২৩ জুন রানীশংকৈল উপজেলার টেকিয়া মহেষপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম (৪৫) এবং ১৮ মে শাহানাবাদ গ্রামের কৃষক মো. বাবু (৩৫) সাপের কামড়ে মারা যান।
এই ঘটনাগুলোর বিষয়ে জেলার নাগরিক কমিটির সভাপতি আবু তোরাব বলেন, সাপে কাটার অধিকাংশ ঘটনা গ্রামে ঘটলেও অ্যান্টিভেনম সরবরাহ করা হয়েছে দূরের জেলা সদরের হাসপাতালে। রোগী মারা যাচ্ছেন। সাপে কাটলে রোগীর স্বজনেরা ওঝার কাছে নিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। এতে মৃত্যু ঠেকানো যায় না।
কী বলছেন বিশেষজ্ঞরা
রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সামাদ বলেন, সাপে কাটা রোগীকে অ্যান্টিভেনম প্রয়োগের পর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। যেমন অনেকের তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। এমন রোগীকে সামাল দিতে আইসিইউর দরকার হয়। উপজেলা পর্যায়ের হাসপাতালে তো সেই সুযোগ নেই, তাই সাপে কাটা রোগীকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
ঠাকুরগাঁওয়ের সাবেক সিভিল সার্জন আবু মো. খয়রুল কবীর বলেন, সাপের বিষ শরীরে প্রবেশ করলে এর চিকিৎসার বিজ্ঞানসম্মত ওষুধ একটিই—অ্যান্টিভেনম। অ্যান্টিভেনম পুশ করার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তখন পরিস্থিতি সামাল দিতে পারবেন কি না, এই আশঙ্কায় উপজেলা পর্যায়ের কোনো কোনো হাসপাতাল কর্তৃপক্ষ সাপে কাটার চিকিৎসা করতে চায় না। তাই তারা অ্যান্টিভেনমের চাহিদাও দেয় না।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন নুর নেওয়াজ আহমেদ বলেন, সাপের কামড়ের ঘটনা গ্রাম এলাকায় বেশি হলেও সেখানে চিকিৎসার সুযোগ তুলনামূলকভাবে সীমিত, এটা অস্বীকার করার উপায় নেই। জেলা সদর হাসপাতালে অ্যান্টিভেনমের যথেষ্ট মজুত থাকলেও উপজেলা পর্যায়ের কোনো হাসপাতালে অ্যান্টিভেনমের মজুত নেই। উপজেলা পর্যায়ের হাসপাতালের জন্য অ্যান্টিভেনমের চাহিদা পাঠানো হয়েছে। পাশাপাশি চিকিৎসকদেরও অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।