হারানো স্বজনদের মনে পড়লে কাঁদেন জ্যোৎস্না

২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ঘূর্ণিঝড় সিডর দেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত আনে। এতে কয়েক হাজার মানুষ নিহত হন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় সিডরে তিন স্বজনকে হারিয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার কাঞ্চনবাড়িয়া গ্রামের জ্যোৎস্না বেগম
ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় সিডরের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন জ্যোৎস্না বেগম। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যায় এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। জ্যোৎস্নার জীবন ও পরিবার ধ্বংস করে দিয়ে যায় এ দুর্যোগ। এখনো হারিয়ে যাওয়া স্বজনের প্রতীক্ষায় আছেন তিনি। পটুয়াখালীর গলাচিপার কাঞ্চনবাড়িয়া গ্রামের জ্যোৎস্না বেগমের বয়স এখন ৮৪ বছর।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ঘূর্ণিঝড় সিডরের জলোচ্ছ্বাসে ভেসে গেছেন জ্যোৎস্না বেগমদের বাড়ির সাতজন। তাঁদের মধ্যে তিনজনের খোঁজ আজও পাওয়া যায়নি। সেই দিনের প্রলয়ংকরী ঝড়ের কথা মনে হলে ভয়ে শিউরে ওঠেন তিনি। সেই দিনের কথা জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে জ্যোৎস্না বেগম বলেন, ‘সেই বইন্যার কথা কী আর কমু বাবা, বইন্যা আমাগো শেষ কইরা দিছে। কাইড়া নিয়ে গেছে আমাগো পল্লানবাড়ির সাতজনকে। লাশ খুঁইজ্যা পাই নাই তিনজনের।’

জ্যোৎস্না বেগম আরও বলেন, ‘বইন্যা আইবে বুঝলেও হেইহান থেইক্যা আমাগো আওয়ার কোনো ব্যবস্থা ছিল না। রাইত বাড়ে, আরও বাতাসও বাড়তে থাহে। আমরা চরের বিভিন্ন জায়গায় কাজ করছিলাম। বাতাসের মধ্যে একটা বড় গাছের নিচে আছিলাম। হঠাৎ দেহি পানি হু হু কইরা বাড়ছে। কোন পথ পাইছিলাম না। বাড়ির কেডা কোন জায়গায় আছে, তা–ও জানি না। অন্ধকারের  মধ্যে ভাইস্যা যাইতে ছিলাম। একসময় গাছের লগে জেলেগো একটা ট্রলার পাইলাম। জেলেরা কাছি দিয়ে ট্রলার, গাছের সঙ্গে বাঁধতে  ছিল। বাঁচনের লইগা কান্নাকাটি করলে জেলেরা হাত ধইরা টাইনা ট্রলারে ওঠায়। এই ভাবে বেঁচে যাই। সকালে স্বজনদের খুঁজতে বের হয়ে দেখি গাছে গাছে শুধু লাশ ঝুলে আছে।  এর মধ্যে আমাদের বাড়ির জাহানারা বেগম (২৫), গোল চেহারা (৩০), নুরুন্নাহার (২৫) ও সাইদুলের (১৫) লাশ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে দেবরের ছেলে অসীম (৫), মেয়ে হালিমা (৩) ও আফিয়া (৫) নিখোঁজ রয়েছে।’