নির্বাচনে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং হয়েছে, মামলা দিয়েছি আল্লাহর দরবারে: মিয়া গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংসদের অধিবেশনে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, ‘পার্লামেন্টে একটি সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি করতে হবে। জাতিকে সংকটে ফেলে রাজপথে আন্দোলনের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে আসল আইন ও শক্তি। সংবিধানের মূল চেতনায়ও জনগণের ইচ্ছাই সর্বোচ্চ। দেশের অধিকাংশ মানুষ জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে, তাই এটিকে উপেক্ষা করা হলে তা জনগণের মতামতের বিরোধী হবে।’
আজ শুক্রবার খুলনা নগরের আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উপজেলা ও থানার আমির ও সেক্রেটারিদের নিয়ে শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন এই জামায়াত নেতা।
অতীতের স্বৈরাচারী শাসনের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের দাবিকে দমন করার চেষ্টা থেকেই নতুন আন্দোলনের জন্ম হয়েছে। এমন পরিস্থিতি এড়াতে সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে। গণ–আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহর সভাপতিত্বে আলোচনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আবদুল খালেক। শিক্ষাশিবিরে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান ও শফিকুল আলম। দারসুল কোরআন পেশ করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘বিএনপি আওয়ামী লীগের মতো জনরায়কে ভয় পায়। তাই স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকজনকে চেয়ারে বসাচ্ছে। এর পরিণতি শুভ হবে না। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোয় দলীয় নিয়োগের মাধ্যমে বিএনপি নিজেদের পায়ে কুড়াল মারছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন ভোট হয়েছে, জনগণের কাছে তা স্পষ্ট মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনরায়কে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে। এরপরও দেশের শান্তিশৃঙ্খলার স্বার্থে কষ্ট চাপা দিয়ে ফলাফল মেনে নিয়েছে জামায়াত। তার মানে এই নয়, আমরা অন্যায়, অসত্য, অনিয়মকে মেনে নেব।’ তিনি বলেন, ‘গেল জাতীয় নির্বাচনে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা আল্লাহর দরবারে মামলা করে দিয়েছি। ফয়সালা আল্লাহই করবেন।’
বিএনপির উদ্দেশ্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্ট থেকে শিক্ষা নিন। রাজনীতিতে আর নতুন সংকট যেন তৈরি না হয়। জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করুন। বিরোধী দল হিসেবে আপনাদের পাশে থাকব।’ তিনি বলেন, ‘জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় আইন। মানুষের জন্য আইন, আদালত ও সংবিধান। অবিলম্বে জন–অভিপ্রায় অনুসারে জুলাই সনদ বাস্তবায়ন করতে পদক্ষেপ গ্রহণ করুন।’
নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি—এমন মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না মর্মে বিএনপি স্বাক্ষর করেছিল। কিন্তু তারা বর্তমানে ১৮০ ডিগ্রি ব্যাক করেছে। জুলাই সনদ কী, বাড়ির কাজের মেয়েরাও বোঝে। শুধু বিএনপি বোঝে না।’