দায়িত্ব নিয়ে ৬০ দিনের কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জ সিটির প্রশাসকের
দায়িত্ব নিয়ে নারায়ণগঞ্জবাসীকে যানজট ও ধুলাবালুমুক্ত নগরী উপহার দিতে ৬০ দিনের এক বিশেষ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াত হোসেন। আজ বুধবার সকাল ৯টার দিকে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর এ ঘোষণা দেন তিনি।
এর আগে ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাখাওয়াত হোসেনকে এ পদে নিয়োগ দেয় সরকার। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবং পরবর্তী সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর গঠিত সরকারের পক্ষ থেকে তাঁকে এ দায়িত্ব দেওয়া হলো। সাখাওয়াত হোসেন মহানগর বিএনপির আহ্বায়ক। পাশাপাশি তিনি আলোচিত সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।
সাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণ করতে এলে বিএনপি, অঙ্গসংগঠনের নেতা–কর্মীসহ বিভিন্ন সংগঠন আজ নগর ভবনের সামনে ভিড় করেন। সেখানে তাঁকে ফুল দিয়ে বরণ করেন সিটি করপোরেশনের সচিব কুতুবে আলমসহ কর্মকর্তা-কর্মচারীরা।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা এই শহরেই বসবাস করি, তাই এখানকার রাস্তাঘাটের দুরবস্থা, যানজট ও আর মশার সমস্যা দ্রুততার সঙ্গে ভিত্তিতে সমাধান করতে চাই। এটাকে আমি পবিত্র দায়িত্ব হিসেবে নিয়েছি।’
সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি সবাইকে নিয়ে এই নগরীর সমস্যা সমাধানে ৬০ দিনের কর্মসূচি নেব। এসব কর্মসূচির মাধ্যমে রাস্তাঘাট, ড্রেনেজ সমস্যার সমাধান করা হবে। শহরের সবচেয়ে বড় সমস্যা ধুলাবালু, এর কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এই শহরকে ধুলাবালু মুক্ত করে একটি পরিচ্ছন্ন ও সবুজ আবাস হিসেবে গড়ে তুলব।’
নারায়ণগঞ্জে হকার ও ব্যাটারিচালিত অটোরিকশার সমস্যা প্রকট উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘এসব সমস্যার সমাধান করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনসেবাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’
সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি নির্দিষ্ট কোনো দলের নই, দল–মতনির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুষম উন্নয়নের মাধ্যমে এই নারায়ণগঞ্জের উন্নয়ন করব। আমরা অবশ্যই পরিবর্তন করব, সমস্যার সমাধান করব, আমরা অবশ্যই সফল হব। আমি যে কয়দিন এখানে আছি, একটি দৃষ্টান্ত তৈরি করে দায়িত্ব থেকে সরে যাব।’
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ, সাবেক কাউন্সিলর আবুল কাউসার, সাখাওয়াত হোসেনের স্ত্রী শামীমা আক্তারসহ বিভিন্ন নেতা-কর্মীরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ–অভুত্থ্যানের পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সরিয়ে সেখানে প্রশাসক নিয়োগ দেয় অন্তবর্তীকালীন সরকার। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মামলায় তিনি বর্তমানে কারাবন্দী। সম্প্রতি মহানগর বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।