গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর বাঘিয়া নদীর পাড় এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। ওই বাড়ির মালিক জিয়াউর রহমানের দাবি, ১০ থেকে ১২ জনের ডাকাত দল অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে সোনার গয়না ও টাকা লুট করে নিয়ে গেছে।
জিয়াউর রহমান পেশায় কৃষক। গতকাল রাতে ডাকাতির সময় জিয়াউর ও তাঁর স্ত্রী ঘরে ছিলেন। তিনি ও তাঁর স্ত্রী বাড়ির একটি ঘরে থাকেন। বাড়ির অন্য ঘরগুলোয় ভাড়াটিয়ারা থাকেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত দুইটার দিকে জিয়াউরের বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দেশি অস্ত্র নিয়ে হানা দেয়। এ সময় ভাড়াটিয়াদের ঘরের দরজাগুলো বাইরে থেকে আটকে দেন ডাকাত দলের সদস্যরা। একপর্যায়ে তাঁরা শাবল দিয়ে জিয়াউরের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
জিয়াউর রহমান বলেন, ‘ডাকাতেরা আমার ঘরে ঢোকার পর তাঁদের বাধা দিতে গেলে আমাকে চড়থাপ্পড় মারেন। পরে অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে ফেলেন। এ সময় আমাদের মুঠোফোনও ছিনিয়ে নেন। পরে আমার স্ত্রীর সোনার কানের দুল, গলার মালা, ২টি আংটি ও ১২ হাজার টাকা লুট করে নিয়ে যান।’
লুটপাটের পর ডাকাত সদস্যরা সেখান থেকে চলে গেলে জিয়াউর আশপাশের লোকজনকে বিষয়টি জানান। একপর্যায়ে স্থানীয় লোকজন মসজিদে মাইকিং করে ডাকাতির বিষয়ে সবাইকে সতর্ক করে দেন। এতে আশপাশের এলাকায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে কোনাবাড়ী থানার পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক লিটন শরীফ বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গেলেও এর আগেই ডাকাত সদস্যরা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।