বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বুড়িগঙ্গায় খেয়ানৌকা চলাচলে বাধার অভিযোগ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ ও রাজধানীর বেশ কয়েকটি ঘাটে দফায় দফায় খেয়ানৌকা চলাচলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে নৌ পুলিশের বিরুদ্ধে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী অভিযোগ করেন, আজ বুধবার সকালে তিনি সোয়ারীঘাটে গিয়ে দেখেন, নৌ পুলিশের সদস্যরা মাঝিদের নৌকা চালাতে নিষেধ করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সকালে পল্টনে যাওয়ার জন্য নদী পারাপার হতে আমি জিনজিরা ফেরিঘাটে যাই। সেখান থেকে একটি খেয়ানৌকায় করে আমিসহ বেশ কয়েকজন যাত্রী সোয়ারীঘাটে যাই। সেখানে গিয়ে দেখি নৌ পুলিশের সদস্যরা মাঝিদের বলছেন, “নৌকা চলাচল বন্ধ রাখতে হবে, নৌকা চালানো যাবে না”। এতে খেয়ানৌকার ঘাট খালি হয়ে যায়। মাঝিরাও নদী পারাপার করতে অস্বীকৃতি জানান।’
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নৌ পুলিশের বরিশুর ফাঁড়ির পরিদর্শক আবুল কালাম আজাদ। তিনি প্রথম আলোকে বলেন, নৌ পুলিশ খেয়ানৌকা চলাচলে কোনো ধরনের বাধা–নিষেধ করেননি। এ অভিযোগ ঠিক নয়। তাঁর দাবি, নৌ চলাচল প্রতিদিনের মতো স্বাভাবিক অবস্থায় আছে।
সরেজমিন কেরানীগঞ্জের জিনজিরা ফেরিঘাট, আগানগর ব্রিজ ঘাট, আলম মার্কেট গুদারাঘাট, চরকালীগঞ্জ ঘাট, সোয়ারীঘাট, মিটফোর্ড হাসপাতাল ঘাট, বাদামতলী ঘাট ও সদরঘাট এলাকায় দেখা গেছে, প্রতিদিনের মতো এসব খেয়াঘাটে নৌকার তেমন জটলা নেই। বেশির ভাগ নৌকা নদীর পাড়ের বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। কিছু খেয়ানৌকা যাত্রীদের নদী পারাপার করছে। নৌকা না পেয়ে অনেক যাত্রী ঘাটে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
বেলা সাড়ে ১১টার দিকে আগানগর ব্রিজ ঘাটের তিন খেয়ানৌকার মাঝির সঙ্গে কথা হয় প্রথম আলোর এ প্রতিবেদকের। তাঁরা জানান, আজ সকাল সাতটার দিকে ঘাটে এসেছিলেন তাঁরা। তখন নৌ পুলিশের কয়েকজন সদস্য এসে তাঁদের বলেন, আজ নৌকা চালানো যাবে না। এ জন্য তাঁরা খেয়ানৌকায় পারাপার বন্ধ রেখেছেন।
আজ সকাল সাড়ে আটটার দিকে জিনজিরা ফেরিঘাট এলাকায় কথা হয় রাজধানীর ইসলামপুর এলাকার কাপড়ের দোকানের বিক্রয়কর্মী তাজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘আমি প্রতিদিন এই ঘাট দিয়ে কর্মস্থলে যাই। তবে অন্যান্য দিনের তুলনায় আজ নৌকার সংখ্যা কম।’
মিটফোর্ড হাসপাতালগামী রফিজা বেগম বলেন, ‘হাসপাতালে ডাক্তার দেখাতে যাব। আগানগর ব্রিজ ঘাটে এসে দেখি নৌকা চলাচল বন্ধ। তাই বাধ্য হয়ে ব্রিজ দিয়ে হাসপাতাল যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘এভাবে জনগণকে ভোগান্তিতে ফেলা ঠিক না। মানুষের চলাচলের সুবিধার্থে নৌকা চলাচল চালু রাখা দরকার ছিল।’