দেশে প্রথমবারের মতো বাচ্চা ফুটিয়েছে ম্যাকাও
দেশে প্রথমবারের মতো আবদ্ধ পরিবেশে প্রাকৃতিকভাবে ডিম ফুটিয়ে বাচ্চার জন্ম দিয়েছে ম্যাকাও পাখি। গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ডিম ফুটে একটি বাচ্চার জন্ম হয়। কয়েক দিন ধরে খোপের ভেতর ম্যাকাওয়ের বাচ্চাটিকে দেখা যাচ্ছে। তবে কবে নাগাদ বাচ্চাটি ফুটেছে, এ বিষয়ে নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না।
এর আগে বাংলাদেশের কোথাও ম্যাকাও পাখির বাচ্চা ফোটানোর ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতির সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক এবং সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ। একই তথ্য দিয়েছেন বন বিভাগের পাখিবিদ শিবলী সাদিকও।
রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সাফারি কিংডমের ভেতরে অবস্থিত পাখিশালায় গিয়ে দেখা যায়, বিশাল জায়গাজুড়ে ছাউনির নিচে বিভিন্ন প্রজাতির ম্যাকাও পাখির বাস। সেখানে বিশেষভাবে তৈরি বেশ কিছু বড় বড় বাক্স স্থাপন করা। ম্যাকাও পাখিগুলো এসব বাক্সের ভেতর বসবাস করে। সেখানে একটি বাক্সের বাইরে দুটি ম্যাকাও পাখিকে বিশেষ সতর্ক অবস্থায় দেখা যায়। অন্য ম্যাকাও পাখিগুলো বাক্সের কাছে আসতে চাইলে এই দুটি ম্যাকাও তাদের তাড়িয়ে দিচ্ছে।
ছবি তুলতে ক্যামেরা নিয়ে কাছে যেতেই ওই দুটি ম্যাকাও আক্রমণাত্মক ভঙ্গিতে শব্দ করে ভয় দেখাচ্ছিল। পাখিশালার এক কর্মী জানিয়েছেন, দুটি ম্যাকাও বিশেষভাবে পাহারা দিয়ে রাখা ওই বাক্সের ভেতর ডিম ফুটে একটি ম্যাকাও পাখির বাচ্চার জন্ম হয়েছে। তাই সারাক্ষণ বাচ্চার নিরাপত্তায় বাক্সের বাইরে মা ও বাবা ম্যাকাও দুটি খুবই সতর্ক ভঙ্গিমায় অবস্থান করে।
সাফারি পার্ক সূত্রে জানা যায়, ম্যাকাও পাখির বসতি মূলত দক্ষিণ আমেরিকার আমাজন বনে। ভেনেজুয়েলা, ব্রাজিল, বলিভিয়া, প্যারাগুয়ে, পেরুর বনাঞ্চলে এই পাখি দেখা যায়। বাংলাদেশে বিভিন্ন বিনোদনকেন্দ্র ও ব্যক্তিগতভাবেও অনেকে ম্যাকাও পাখি লালন-পালন করেন। ম্যাকাও পাখি সাধারণত ফলমূল ও বিভিন্ন বীজ-জাতীয় খাবার খায়। ম্যাকাও বিভিন্ন প্রজাতির হয়ে থাকে।
বন্য প্রাণী-বিশেষজ্ঞরা জানান, ম্যাকাও পাখি আবদ্ধ পরিবেশে ৩০ থেকে ৫০ বছর বাঁচার নজির আছে। তবে প্রকৃতিতে এদের জীবনকাল ২০ থেকে ২৫ বছর। আন্তর্জাতিক বাজারে এ ধরনের পাখির একেকটির দাম ১ লাখ থেকে ৪ লাখ পর্যন্ত হয়। এই পাখিগুলোর দৈর্ঘ্য ৩০ থেকে ৩৫ ইঞ্চি পর্যন্ত হয়। একেকটি পাখির ওজন ৯০০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে। ম্যাকাও পাখি সাধারণত মরা গাছের কোটরে বাসা বানায়। এরা একসঙ্গে দুই থেকে তিনটি ডিম পাড়ে। ২৬ থেকে ২৮ দিন পর্যন্ত মা ম্যাকাও পাখি ডিমে তা দেয়। এরপর ডিম ফুটে বাচ্চা বের হয়। এসব পাখির প্রজননের জন্য খুবই নিবিড় ও তাদের অনুকূল পরিবেশ দরকার পড়ে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান প্রথম আলোকে বলেন, ‘উপযুক্ত অনুকূল পরিবেশ দিলে ও মেনটেইন করলে আবদ্ধ অবস্থায় ম্যাকাও পাখির ডিম ফুটে বাচ্চার জন্ম হতে পারে। দেশে আবদ্ধ অবস্থায় আর কোথাও ম্যাকাও পাখির বাচ্চা হয়েছে বলে জানা নেই।’
বন্য প্রাণী ও প্রকৃতির সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ প্রথম আলোকে বলেন, ‘দেশে প্রথমবারের মতো ম্যাকাও পাখির ছানার জন্ম হওয়ায় আমরা পার্ক-সংশ্লিষ্টরা সবাই খুশি। ছানার প্রতি বিশেষ নজর রাখতে বলেছি। আমরা এই ঘটনার মধ্য দিয়ে উৎসাহিত হয়েছি।’