পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে স্বাক্ষর করা ফাঁকা চেক ও স্ট্যাম্প নেয় একটি চক্র। তাঁদের কাছ থেকে ৫৬ কোটি টাকার সই করা চেক জব্দ করা হয়েছে। প্রতারণার ফাঁদ পেতে তাঁরা চাকরিপ্রার্থীদের বলতেন, নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিলে পুলিশই স্যালুট দিয়ে চাকরি দেবে। অথচ নিয়োগপ্রক্রিয়ায় তাঁদের কোনো হাত নেই।
আজ বুধবার রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গতকাল মঙ্গলবার ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর রাজপাড়া থানার দাশপুকুর মহল্লার মারুফ শাহরিয়ার (৩৬), বরিশাল সদর উপজেলার মঙ্গলহাটা এলাকার শাহাদত হোসেন (৩৩) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাতৈনভিটি গ্রামের আবদুল আজিজ (৪২)। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মঙ্গলবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে প্রতারণার উদ্দেশ্যে নেওয়া ৩২টি স্বাক্ষর করা ফাঁকা চেক, প্রায় ৫৬ কোটি টাকার পরিমাণ বসানো স্বাক্ষর করা ১০টি চেক, ৫০টি স্বাক্ষর করা ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প, তিনটি স্মার্টফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বলেন, সারা দেশে এখন পুলিশ কনস্টেবল নিয়োগপ্রক্রিয়া চলছে। ওই নিয়োগকে কেন্দ্র করে প্রতারক চক্রটি প্রতারণার ফাঁদ পেতেছিলেন। বিষয়টি জানতে পেরে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা এখনো চাকরিপ্রার্থীদের কাছ থেকে নগদ টাকা নেননি। কিন্তু স্বাক্ষর করা ফাঁকা চেক ও স্ট্যাম্প নিয়েছেন। ফাঁকা চেক ও স্ট্যাম্প দিয়ে জিম্মি করে পরে টাকা আদায় করাই ছিল তাঁদের লক্ষ্য।
পুলিশ সুপার বলেন, সারা দেশের মতো রাজশাহীতেও কনস্টেবল নিয়োগপ্রক্রিয়া চলছে। রাজশাহীতে আবেদন পড়েছিল ১৮ হাজার। এর মধ্যে শারীরিক পরীক্ষার জন্য ডাক পড়েছিল সাড়ে ৩ হাজার প্রার্থীর। সাতটি পর্বে শারীরিক পরীক্ষায় অংশ নিতে হয়েছে তাঁদের। এতে উত্তীর্ণরা আজ বুধবার লিখিত পরীক্ষা দিয়েছেন। এরপর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এরপর যোগ্য প্রার্থীদেরই চাকরি দেওয়া হবে। কোনো তদবির কাজে আসবে না। অথচ প্রতারক চক্রটি চাকরিপ্রার্থীদের বলত, তারা আগে কোনো টাকা নেবে না। চাকরি হওয়ার পরই টাকা নেবে। এ জন্য ফাঁকা চেক ও স্ট্যাম্প নিয়ে রাখত। তারা বলত, শুধু নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিলেই চাকরি হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা থেকেই চাকরি দিয়ে দেবেন। পরীক্ষায় অংশ নিতে গেলে পুলিশ স্যালুট দেবে। এভাবে অসংখ্য মানুষকে ফাঁদে ফেলেছে তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতারকদের সঙ্গে চুক্তি করা চাকরিপ্রার্থীরা শারীরিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে দেখেন, ভেতরে তাঁকে কেউ খুঁজছে না। অন্য সব প্রার্থীর মতো তাঁকেও সব পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। তা দেখে ওই চাকরিপ্রার্থী তাঁর বাবাকে জানান। তাঁর বাবা বিষয়টি রাজশাহীর পুলিশ সুপারকে জানান। পরে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি দল অভিযানে নামে।
পুলিশ সুপার এ বি এম মাসুদ বলেন, গতকাল সকালে প্রথমে মারুফ শাহরিয়ারকে আটক করে পুলিশ। তাঁর মেস থেকে দুটি চেক, ৫৩টি নন জুডিশিয়াল স্ট্যাম্প ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য শাহাদত হোসেনকে আটক করা হয়। তাঁর ভাড়া বাসা থেকে ২০টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, ২০টি চেক ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে গাজীপুরের কালিয়াকৈরের বাড়ি থেকে চক্রের আরেক সদস্য আজিজকে আটক করা হয়। তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয় ২৭টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ২০টি চেক ও একটি মোবাইল ফোন।
পুলিশ সুপার আরও বলেন, প্রতারকেরা পুলিশ কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং নিজেদের কখনো পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা আবার কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার কাছের লোক পরিচয় দিয়ে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাঁরা জেলা ভিত্তিতে কোনো জেলার জন্য ১৩ লাখ আবার কোনো জেলার জন্য ১৫ থেকে ১৬ লাখ টাকার চুক্তি করেন। প্রতারণার বিষয়টি বিশ্বাসযোগ্য করানোর জন্য কারও কাছ থেকে তাঁরা নগদ অর্থ গ্রহণ করেননি। সবাইকে বলেছেন ফাঁকা চেক ও ফাঁকা স্ট্যাম্প দেওয়ার জন্য। চাকরি হওয়ার পর টাকা পরিশোধ করে স্বাক্ষর করা চেক ও স্ট্যাম্প ফেরত নিতে বলেন। চলমান নিয়োগপ্রক্রিয়ায় চক্রটি অন্তত ৩০ জনের কাছ থেকে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা লেনদেনের কার্যক্রম শুরু করেছিল।
চক্রের সঙ্গে রাজশাহীর একজন রাজনৈতিক নেতার সম্পৃক্ততা পাওয়া গেছে জানিয়ে পুলিশ সুপার বলেন, একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, চাকরিপ্রার্থীর বাবা ওই রাজনৈতিক নেতার কাছে ছেলের চাকরির জন্য গিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, তিনি চাকরি নিয়ে দিতে পারবেন না। তবে তার একটি উপায় জানা আছে। এরপর তিনিই প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। গ্রেপ্তার তিনজনও জানিয়েছেন, তাঁরা ওই নেতার অধীনে কাজ করতেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ সুপার বলেন, প্রতারকদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাঁদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে নিয়ে চক্রের অন্যদের ব্যাপারেও তথ্য জানার চেষ্টা করা হবে। চলমান নিয়োগপ্রক্রিয়ায় চাকরি পেতে কারও সঙ্গে চুক্তি না করার আহ্বান জানান তিনি।