চট্টগ্রামে রোজার আগে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৩৫ টাকা

ব্রয়লার মুরগিফাইল ছবি

চট্টগ্রামে পবিত্র রমজান মাস শুরুর আগে বেড়েছে ব্রয়লার মুরগির ও সোনালি মুরগির দাম। এর মধ্যে গত এক সপ্তাহে কেবল ব্রয়লারের দামই কেজিতে প্রায় ৩৫ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনে আগের মুরগির বাচ্চার দাম বেড়েছে। এ কারণে নির্বাচনের পর বাজারে মুরগির দামও বেড়েছে। এ ছাড়া শীতে খামারে মুরগির মৃত্যুর কারণেও দামে প্রভাব পড়েছে। তবে রমজানের আগে এভাবে মুরগির দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

আজ বুধবার নগরের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত সপ্তাহে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে। সোনালি মুরগির দাম ছিল ৩০০ টাকা প্রতি কেজি। তবে নির্বাচনের পরদিন থেকে ব্রয়লার মুরগির দাম ২০০ টাকা ছুঁয়েছে। অন্যদিকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা কেজি দরে।

নগরের চকবাজার এলাকার সেলিম পোলট্রি শপের ব্যবস্থাপক আবদুল কাদের বলেন, নির্বাচনের পরপর মুরগির দাম বেড়েছে। বাচ্চার দাম বেড়ে যাওয়া একটি কারণ। পাশাপাশি প্রচুর মুরগি মারা গেছে শীতে। এরও প্রভাব পড়েছে। রমজান সামনে রেখে প্রায় খামারিরাও সেভাবে মুরগি সরবরাহ করতে পারছেন না। ফলে বাজারে চাহিদা থাকলেও মুরগি কম।

আজ বিকেলে নগরের প্রবর্তক, গোলপাহাড়, মেহেদীবাগ এলাকার সরেজমিনে ঘুরে দুটি দোকানে মুরগি পাওয়া গেছে। তবে চাহিদা অনুপাতে কম। মেহেদীবাগ এলাকার গৃহিণী নুর নাহার বলেন, মঙ্গলবার রাতে আশপাশের দোকানে খোঁজ নিয়েও মুরগি পাওয়া যায়নি। পরে আজ এসে কিনতে হয়েছে। প্রতি কেজি দাম নিয়েছে ১৯৫ টাকা।

চট্টগ্রামের বাজারে মুরগি সরবরাহ হয়ে থাকে মিরসরাই, সীতাকুণ্ড, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা থেকে। উপজেলার খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে এক দিন বয়সী ব্রয়লার মুরগির বাচ্চার দাম ছিল সর্বোচ্চ ২৫ টাকা। দুই মাসের ব্যবধানে এখন বাজারে ওই বাচ্চা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। হঠাৎ করে মুরগির বাচ্চার দাম এভাবে বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন খামারিরা।

খামারিরা জানান, গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝিতে উৎপাদনকারী প্রতিষ্ঠানভেদে ব্রয়লার মুরগির প্রতিটি বাচ্চা বিক্রি হয়েছে ২২ থেকে ২৫ টাকায়। এ বছরের জানুয়ারিতে দাম ৩০ থেকে ৪০ টাকার মধ্যে ওঠানামা করেছে। দুই সপ্তাহ আগেও ব্রয়লার মুরগির এক দিনের বাচ্চার দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা। তবে এ সপ্তাহে দাম বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকার মতো।

সাতকানিয়ার খামারি মোহাম্মদ আবির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, একটা মুরগির বাচ্চার দাম পড়ছে ৮৩ টাকা। সেটিকে ১ কেজি পরিমাণ করতে ১৮০ টাকার বেশি খরচ হচ্ছে। বাচ্চার দাম কমলে মুরগির দাম কমে যাবে। বাচ্চা সরবরাহ করা প্রতিষ্ঠানগুলো দাম না কমালে বাজারে দাম কমার সম্ভাবনা নেই।