বিএনপি-জামায়াত দেশের স্বাস্থ্যসেবা ধ্বংস করেছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি-জামায়াত এ দেশের স্বাস্থ্যসেবা ধ্বংস করেছে। মানুষকে পুড়িয়ে মেরেছে, আর জননেত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্য খাতে অভাবনীয় উন্নতিসহ মানুষের চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করেছে।
বুধবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার পানিপাড়া পশ্চিম পাড়া ঈদগাহ মাঠে ‘নূরননেসা-মামিনুল কমিউনিটি ক্লিনিক’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে একটি মেডিকেল কলেজ হাসপাতালও প্রতিষ্ঠা করতে পারেনি, একজন ডাক্তারও নিয়োগ দিতে পারেনি বরং মানুষের চিকিৎসার প্রথম ধাপ কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছে। তারা ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী, আর জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।’
দেশের স্বাধীনতাবিরোধী শক্তিরাই পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবার হত্যা করেছে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করলেও তাঁর স্বপ্নকে হত্যা করতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছেন। যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আজ তারাই দিনে দিনে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।
দেশের জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিকভাবে সব দ্রব্যমূল্য তিন গুণ বৃদ্ধি পেয়েছে, আমাদের যাতে শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়তে না হয়, সে জন্য আগাম ব্যবস্থা নিশ্চিত করতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এখন ধীরে ধীরে তা কমিয়ে আনাও হচ্ছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাব্যবস্থাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চেয়ারম্যান ফাতেমা রহমান, জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাব্যবস্থাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের নিজ বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামে তাঁর মা নূরননেসা ও বাবা মামিনুলের নামে ‘নূরননেসা-মামিনুল কমিউনিটি ক্লিনিক’ প্রতিষ্ঠা করন। ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী।