গর্ভধারণ ছাড়াই দুধ দিচ্ছে আড়াই মাস বয়সী ছাগলের বাচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সখীপুরে গর্ভধারণ ছাড়াই দুধ দেওয়া আড়াই মাস বয়সী ছাগলের বাচ্চা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কচুয়া গ্রামে
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গর্ভধারণ ছাড়াই দুধ দিচ্ছে আড়াই মাস বয়সী একটি ছাগলের বাচ্চা। সখীপুরের কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের সখিনা বেগমের ছাগলের বাচ্চাটি এক সপ্তাহ ধরে ১০০ মিলিলিটার করে দুধ দিচ্ছে। এমন ঘটনার খবর পেয়ে ছাগলের বাচ্চাটি দেখতে উৎসুক জনতা সখিনা বেগমের বাড়িতে ভিড় করছেন।

তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সামিউল বাছির বলছেন, হরমোনজনিত কারণে এমনটি হতে পারে। সাধারণত বকনা বাছুরের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে। কিন্তু ছাগলের বাচ্চার ক্ষেত্রে স্বাভাবিক ঘটনা নয়।

সখিনা বেগম কচুয়া গ্রামের মৃত সানোয়ার হোসেনের স্ত্রী। দুই বছর ধরে তিনি ছাগল লালনপালন করেন। সখিনা বেগম বলেন, দুই বছর আগে তাঁর শ্বশুর তাঁকে একটি ছাগলের বাচ্চা কিনে দেন। বাচ্চাটি লালনপালনের পর আড়াই মাস আগে তার একটি বাচ্চা হয়। কোরবানির ঈদে মা ছাগলটিকে কোরবানি দেন তিনি। কোরবানি দেওয়ার আগে ছাগলের বাচ্চাটি মায়ের দুধ পান করে।

সখিনা আরও বলেন, ১৫ দিন আগে ছাগলের বাচ্চাটির ওলান বড় হতে দেখেন সখিনা। এক সপ্তাহ আগে দেখতে পান, ওলান থেকে দোহন ছাড়াই দুধ বেরোচ্ছে। পরে তিনি প্রতিদিন সকালে অল্প অল্প করে দুধ দোহন করেন। তবে ওই দুধ তিনি না খেয়ে একটি পালিত বিড়ালকে খাওয়ান। ছাগলের বাচ্চার দুধ দেওয়ার খবর পেয়ে প্রতিদিন এলাকার অনেকে দেখতে আসছেন বলে তিনি জানান।

স্থানীয় বাসিন্দা তমিজ উদ্দীন বলেন, ‘আশ্চর্যজনক ঘটনা শুনে আমিও দেখতে গিয়েছিলাম।’ আয়েশা ও রহিমা নামের দুই নারী বলেন, এমন ঘটনা তাঁরা আগে কখনো দেখেননি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গর্ভধারণ না করেই ছাগলের বাচ্চার দুধ দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। দুই–এক দিনের মধ্যে দেখতে যাবেন বলে জানান তিনি।