সিরাজগঞ্জে হত্যার ৫ বছর পর তিন আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে দীর্ঘ পাঁচ বছর পর হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন করে গতকাল রোববার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০১৮ সালে এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রামের সাচ্চু মিয়ার মেয়ে বিউটি খাতুনকে (২৫) হত্যা করা হয়। এ ঘটনার পর বিউটির বাবা বাদী হয়ে এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা করেন।  

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রামের মৃত আমির হোসেনের ছেলে স্বপন ব্যাপারী (৩৭), মৃত জসিম উদ্দিনের ছেলে আবদুল মমিন (৫৫), মমিনের স্ত্রী আনু বেগম (৪০)। এর আগে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি একই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ওমর ফারুককে (২৮) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই পুলিশ সুপার রেজাউল করিম সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ১৩ মে রাতে বিউটি তাঁর নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। এ সময় বিউটির মা কমলা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখেন, তাঁর মেয়ের ঘরের দরজা খোলা। সেই সময় বিউটিকে নাম ধরে ডাকলে বিউটি কোনো সাড়াশব্দ না করলে কাছে গিয়ে শরীরে হাত দিয়ে ডাকাডাকি করেন। তাতে সাড়া না দেওয়ায় চিৎকার দিলে বিউটির পরিবারের সদস্যরা ঘরের আলো জ্বালিয়ে দেখতে পান, বিউটি মৃত অবস্থায় পড়ে আছেন। পরে পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন।  পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। পরে বিউটির বাবা সাচ্চু মিয়া বাদী হয়ে এনায়েতপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

মামলাটি থানা-পুলিশের পাশাপাশি সিরাজগঞ্জ পিবিআই তদন্ত করে। তদন্তের প্রায় দুই বছর পর বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের সদর দপ্তর থেকে মামলাটি পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়।

এরপর পিবিআই মামলাটির তদন্ত শুরু করে। দীর্ঘদিন তদন্তের একপর্যায়ে গত ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা থেকে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় এ বছরের ২৩ ও ২৫ মে রাতে সন্দেহমূলকভাবে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে এ হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তাঁরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।