সড়ক দুর্ঘটনায় লরিচালকের সহকারী নিহত, চার ঘণ্টার চেষ্টায় লাশ উদ্ধার

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া লরি। আজ সকালে মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রাস্তার মাথা এলাকায়ছবি: প্রথম আলো

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি লরি। এই দুর্ঘটনায় লরিচালকের সহকারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পর নিহত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. সাব্বির হোসেন (২০)। তিনি চট্টগ্রাম নগরের উত্তর হালিশহর ১৬ নম্বর ওয়ার্ডের মিয়াজের বাড়ি এলাকার আলী আব্বাসের ছেলে। দুর্ঘটনায় লরিচালক মো. জুয়েলও (২৮) আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, আজ ভোরে মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন চালক ও তাঁর সহকারী। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি লরি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি ছিটকে সড়কের বাইরে একটি দোকানের ওপর আছড়ে পড়ে। ভোরে দোকান বন্ধ থাকায় তাতে কেউ হতাহত হননি। তবে এই দুর্ঘটনায় লরির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে আটকে পড়ে চালকের সহকারী মারা যান। তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় আহত অবস্থায় লরিচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানতে চাইলে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ হোসেন বলেন, দুর্ঘটনায় লরিচালকের সহকারীর শরীর ছিন্নভিন্ন হয়ে আটকে থাকায় মৃতদেহ উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছে। নগর থেকে বড় ক্রেন এনে চার ঘণ্টার চেষ্টায় লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরিবারের লোকজন থানায় এসেছেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহত ব্যক্তির লাশ তাঁদের বুঝিয়ে দেওয়া হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার হেফাজতে নেওয়া হয়েছে।