বাঘায় আ.লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার জাসদ নেতার মুক্তির দাবিতে মিছিল

বাঘায় জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. শফিউর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. শফিউর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরের গণকপাড়া বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আলুপট্টি, সোনাদীঘি মোড় প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

মহানগর জাসদের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল কবীর বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জাসদ সভাপতি প্রদীপ মৃধা, কেন্দ্রীয় কার্যকরী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামী প্রমুখ।

বক্তারা বলেন, বাঘায় আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় এজাহারে শফিউর রহমানের নাম নেই। তাঁকে কোনো প্রভাবশালীর কথিত চাপে অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

গত ২২ জুন অনির্বাচিত দলিল লেখক সমিতির কমিটির জেরে বাঘা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্তত ৫০ নেতা-কর্মী আহত হন। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে প্রায় পৌনে ১ ঘণ্টা উপজেলা পরিষদ চত্বরে সংঘর্ষ চলে। সংঘর্ষের একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় উপজেলা চত্বরের ভেতর থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামকে উদ্ধার করা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে ২৬ জুন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় দলিল লেখক সমিতির সভাপতি শাহিনুর রহমান বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে ৪৬ জনের নাম রয়েছে। তাঁর মধ্যে শফিউর রহমানের নাম ছিল না।