সন্দ্বীপের চর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়ন থেকে আবদুল গনি (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌকাতলী গ্রামের উপকূলে থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবদুল গনির বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের মহেশখালী পাড়ায়। তবে নোয়াখালীর ভাসানচরে থাকতেন। পুলিশ ধারণা করছে, আবদুল গনি ভাসানচর থেকে সন্দ্বীপের দিকে আসার সময় পানিতে ডুবে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য আবদুল গনির লাশটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
সারিকাইত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কাজী মোহাম্মদ ফোরকান প্রথম আলোকে বলেন, আজ সকালে স্থানীয় লোকজন চরের ওপর এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তিনি ইউপি চেয়ারম্যান ও থানা-পুলিশকে বিষয়টি জানান।
সন্দ্বীপ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজমগীর প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধারের সময় নিহতের কাঁধে একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগের ভেতর থেকে ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র খুঁজে পাওয়া যায়। পরে তিনি লামা থানায় যোগাযোগ করে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন। নিহতের পরিবারের সদস্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে আসার জন্য বলা হয়েছে।
মোহাম্মদ আজমগীর বলেন, আবদুল গনি তিন দিন আগে বাড়িতে ফোন করে জানিয়েছিলেন, তিনি বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, নৌ দুর্ঘটনায় পানিতে ডুবে তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।