বিএনপির সাহেবরা কথায় কথায় বিদেশি দূতাবাসে চলে যান: আইনমন্ত্রী
আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আনিসুল হক বলেছেন, বিএনপির সাহেবরা কথায় কথায় বিদেশি দূতাবাসে চলে যান, আর পাকিস্তানের হুংকার দেন। তাঁরা অনেক ষড়যন্ত্র করছেন। এ ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশ বিরানভূমিতে পরিণত হবে। বিএনপি ক্ষমতায় থেকে দেশের জন্য কিছুই করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে শতভাগ বিদ্যুতায়ন করেছে। বিএনপি আবারও দেশকে অন্ধকার বানাতে চাচ্ছে। শেখ হাসিনাকে আবারও নৌকায় ভোট দিলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ মর্যাদাশীল উন্নত দেশে পরিণত হবে।
আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের গৃহপ্রবেশ ও চাবি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক এ কথা বলেন।
আইনমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, ‘আপনারা বলছেন রিজার্ভ কমে গেছে। আপনারা ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় রিজার্ভ ছিল মাত্র ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার। আওয়ামী লীগ ক্ষমতায় এসে রিজার্ভ দাঁড়িয়েছে ৪৮ বিলিয়ন ডলার।’ তিনি আরও বলেন, বিএনপি নেতারা লম্বা লম্বা বক্তব্যে বলেন, আওয়ামী লীগ নাকি দেশ ধ্বংস করে ফেলেছে।
কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নে মনকাশাইর মৌজায় ১২ দশমিক ৩৫ একর জমিতে আশ্রয়ণ প্রকল্পের ৪০৩টি গৃহ নির্মাণ করা হয়েছে।
আনিসুল হক বলেন, আশ্রয়ণ প্রকল্প এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, বাজার ও খেলার মাঠসহ প্রয়োজনীয় সবকিছু করে দেওয়া হবে।
কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নে মনকাশাইর মৌজায় ১২ দশমিক ৩৫ একর জমিতে আশ্রয়ণ প্রকল্পের ৪০৩টি গৃহ নির্মাণ করা হয়েছে। প্রত্যেককে দুই শতাংশ জমি ও পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। আজ সেই প্রকল্পের গৃহে প্রবেশ ও চাবি হস্তান্তর উপলক্ষে জনসভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে এবং কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. সফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূঁইয়া, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, সাবেক মেয়র মো. এমরান উদ্দিন, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকা, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. আবদুল আজিজ, যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী মানিক, আশরাফুল ইসলাম প্রমুখ।