সিলেটে মৎস্য ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

সিলেটে মাছ ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালতের বিচারক। পাশাপাশি রায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দণ্ডবিধির আরেকটি ধারায় তাঁদের প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। রায়ে অভিযুক্ত দুজনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন সিলেট নগরের ঘাসিটুলা এলাকার শাকিল আহমদ, নগরের ঘাসিটুলা বেতবাজার জয় আহমদ ওরফে দিপু ও ঘাসিটুলা এলাকার সাইয়ুম আহমদ। আজ সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূইয়া এ রায় ঘোষণা করেন। সিলেট মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. জুবায়ের বখত এ তথ্য নিশ্চিত করেছেন। মামলা থেকে খালাস দেওয়া হয়েছে নগরের মোল্লাপাড়া হাবিবুর রহমান হাবিব, নগরের কেওয়াপাড়া রুহেল আহমদ ওরফে রুমেলকে।

আদালত সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার আলিয়া বাজার ঝোপগারি পূর্বপাড়া এলাকার সোহাগ আহমদ (১৭) সিলেট নগরের মজুমদারপাড়া ময়না মিয়ার কলোনিতে ভাড়া থাকত। সে নগরের কাজিরবাজারে মাছের ব্যবসা করত। ২০১৮ সালের ১৩ এপ্রিল রাত আটটার দিকে দুর্বৃত্তরা তাকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। পরে ১৬ এপ্রিল সোহাগের মরদেহ সিলেটের গাভিয়ার খালে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার দেহে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন ও হাত-পায়ের রগ কাটা ছিল।

এ ঘটনায় সোহাগের মা ফুলবানু বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হত্যা ও গুমের ঘটনায় মামলা করেন। মামলায় ওই বছরের ২৪ সেপ্টেম্বর ছয় আসামিকে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা আবদুল বাতেন ভূইয়া। মামলায় ১৯ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক আজ এ রায় ঘোষণা করলেন।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি জুবায়ের বখত বলেন, মামলায় অভিযুক্ত ছয়জনের মধ্যে হাবিবুর রহমান জামিনে ছিলেন। তিনিও রায়ের দিন আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া খালাসপ্রাপ্ত রুহেল আহমদ পলাতক রয়েছেন; মামলার অন্য আসামি মন্টির বিচার শিশু আদালতে হচ্ছে। সে জন্য তাকে আদালতে আনা হয়নি। দণ্ডপ্রাপ্ত তিন আসামিসহ জমিনে থাকা হাবিবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।