ময়মনসিংহে ঘরের ভেতর স্বামীর ঝুলন্ত লাশ, বিছানায় স্ত্রীর লাশ
ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকার কান্দাপাড়া গ্রামে নিজের বসতঘরের ভেতর স্বামীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। একই ঘরের বিছানায় পড়েছিল স্ত্রীর লাশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার পর স্বামী আত্মহত্যা করতে পারেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বামীর নাম জুলহাস (২৬), স্ত্রীর নাম মোছা. অঞ্জনা। ৯ মাস আগে তাঁরা বিয়ে করেন। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।
পুলিশ জানায়, জুলহাস ময়মনসিংহ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা। অঞ্জনার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খোদাবক্সপুর গ্রামে। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহের শুরু।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, অঞ্জনা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গতকাল সোমবার রাতে জুলহাস ও অঞ্জনা নিজেদের ঘরে ঘুমান। আজ বেলা ১১টার দিকে ঘরের দরজা না খুললে স্বজনেরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান, জুলহাস ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। অঞ্জনার মরদেহ বিছানায় উপুড় অবস্থায় পড়ে ছিল। পরে পুলিশে খবর দিলে তারা এসে দুপুর ১২টার দিকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুলহাস নিজের স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।