বেপরোয়া গতির ট্রাকের চাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় একজন নিহতের পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বেপরোয়া গতির ট্রাকের চাপায় রাসেল মিয়া (২৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সরাইল উপজেলার সূর্যকান্দি এলাকায় স্থানীয় ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে।

রাসেল মিয়া উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বারইজীবীপাড়া গ্রামের রফিক মিয়ার বড় ছেলে। তিনি পোলট্রি খামারের ব্যবস্থাপক ছিলেন। দেড় বছর আগে তিনি বিয়ে করেছেন। তাঁর পাঁচ মাসের একটি ছেলেসন্তান রয়েছে। রাসেল মিয়ার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

রাসেল মিয়া
ছবি: সংগৃহীত

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাসেল মিয়া আজ সকালে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় বাজার থেকে মাছ কিনে একটি মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সরাইল উপজেলার সূর্যকান্দি এলাকায় স্থানীয় ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তাঁর মাথায় হেলমেট ছিল না।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, রাসেলের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চান। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়েছেন। ট্রাকটিকে জব্দ করার চেষ্টা চলছে।