বিরামপুরে মুখি কচুর ভালো ফলন, দামে কৃষকের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কচুর ভালো ফলনে খুশি কৃষক মোজাফফর রহমান। গতকাল দিনাজপুরের বিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামের ফসলি মাঠে
ছবি: প্রথম আলো

মোজাফফর রহমান ১০ কাঠা জমিতে মুখি কচু (বারি মুখি কচু-১) আবাদ করেছেন। জমি প্রস্তুত, বীজ, সার, নিড়ানি ও সেচ বাবদ প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। কচুর ফলনও হয়েছে চোখে পড়ার মতো। সবকিছু ঠিকঠাক থাকলে প্রায় ৪০ মণ কচু তোলার আশা করছেন মোজাফফর। বর্তমান বাজারদর অনুযায়ী যা বিক্রি করে প্রায় ৫২ হাজার টাকা লাভ হবে তাঁর।

দিনাজপুরের বিরামপুর উপজেলার বলরামপুর গ্রামের কৃষক মোজাফফর রহমানের মতো অন্যান্য কৃষকের জমিতে এবার কচুর আবাদ অনেক ভালো হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ১৬টি গ্রামে কচু আবাদ হয়েছে। যেসব কৃষক জমিতে আগাম জাতের কচু আবাদ করেছেন, তাঁরা ১৫ দিন ধরে জমি থেকে কচু উঠিয়ে বাজারে বিক্রি করছেন। শুরুর দিকে পাইকারি বাজারে ২ হাজার ২০০ টাকা মণ দরে কচু বিক্রি হয়েছে। পাইকারি বাজারে এখন কচুর দাম ১ হাজা ৬০০ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকা মণ।

আগাম জাতের কচুর ভালো ফলন ও দামে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি ফুটেছে। স্থানীয় কৃষকেরা বলছেন, দুই সপ্তাহ ধরে আকাশে প্রত্যাশিত বৃষ্টির দেখা নেই। বৃষ্টি হলে মাঠের সব জমিতেই বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

উপজেলার মুকুন্দপুর গ্রামের সবজিচাষি আবুল হোসেন তাঁর আড়াই বিঘা জমিতে কচু আবাদ করেছেন। গত ১০ দিনে ১৬ শতক জমি থেকে কচু উঠিয়ে বাজারে বিক্রি করে খরচ বাদে ৫৪ হাজার টাকা লাভ করেছেন। তিনি বলেন, প্রথম দিকে পাইকারি বাজারে প্রতি মণ কচু ২ হাজার ২০০ টাকা ও পরে ১ হাজার ৮০০ টাকা দরে বিক্রি করেছেন। আরও দুই বিঘা জমিতে যে পরিমাণ কচু আছে, সেগুলোর বাজারে ভালো দাম পাবেন বলে আশা করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ প্রথম আলোকে বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৫০ হেক্টর জমিতে কচু আবাদের লক্ষ্যমাত্রা ছিল। এর পুরোটাই অর্জিত হয়েছে। অধিকাংশ কৃষক তাঁদের জমিতে এবার বারি মুখি কচু-১ ও মালশিরা জাতের কচু আবাদ করেছেন। যেহেতু এবার কচুর ফলন ভালো হয়েছে, সে ক্ষেত্রে ভবিষ্যতে এ লক্ষ্যমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কেশবপুর গ্রামের সবজিচাষি আবদুল বারী প্রথম আলোকে বলেন, ‘এ বছর আমি এক বিঘা জমিতে কচু আবাদ করেছি। ফলন অনেক ভালো হয়েছে। জমি প্রস্তুত থেকে এ পর্যন্ত সব মিলে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া ভালো থাকলে এক বিঘা জমিতে প্রায় ৮০ থেকে ৯০ মণ কচু উৎপাদন হবে। আমার জমি থেকে কচু ওঠাতে আরও প্রায় ২০ দিন সময় লাগবে। তখন বাজারে প্রতি মণ কচু ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হলেও খরচ বাদে প্রায় ৭০ হাজার টাকা লাভ হবে।’

উপজেলার সীমান্তবর্তী কাটলাবাজারের সবজি ব্যবসায়ী এস্তামুল হক প্রথম আলোকে বলেন, পাইকারি বাজার থেকে ৪০ টাকা কেজি দরে মুখি কচু কিনেছেন। খুচরা বাজারে ৫০ টাকা কেজিতে বিক্রি করছেন। গত ৫ দিন আগে এই কচু ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।