ময়মনসিংহে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতা–কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন
ছবি: প্রথম আলো

বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ শনিবার ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। বেলা দুইটার দিকে ময়মনসিংহ পলিটেকনিক মাঠে এ সমাবেশ শুরু হওয়ার কথা। তবে সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

সকাল সাড়ে ১০টা থেকে ময়মনসিংহ পলিটেকনিক মাঠে অবস্থান করে দেখা যায়, খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতা-কর্মীরা সমাবেশের মাঠে আসছেন। এদিকে ঘোষণা মঞ্চে বিএনপি–সমর্থিত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেছেন।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে বিএনপির সমাবেশে যোগ দিতে আসা কর্মী মাসুম মিয়া বলেন, স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আজ ভোরে তাঁরা ট্রেনে রওনা দিয়েছিলেন। সমাবেশ শেষে আবার ট্রেনে বাড়িতে ফিরে যাবেন। সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে তাঁরা বিএনপির সব দাবির সঙ্গে একাত্মতা পোষণ করতে এসেছেন।

সমাবেশ উপলক্ষে ময়মনসিংহ নগরের চরপাড়া এলাকায়ও বিএনপির নেতা-কর্মীদের ভিড় চোখে পড়েছে। এদিকে সকাল থেকে শহরের পাটগুদাম ব্রিজ মোড়, চরপাড়া ও পলিটেকনিক মাঠের সামনে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে। এর আগে গতকাল শুক্রবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সমাবেশের প্রস্তুতির খবর জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলায় নেতা-কর্মীদের পুলিশি হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন।