মাগুরায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের পর ভাঙচুর–আগুন, আটক ৩

জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করছেন নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার মাগুরা শহরের জামরুলতলা এলাকায়ছবি: সংগৃহীত

মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে শহরের জামরুলতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের এক সহসভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হীরক (৫২), জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছা. সোনিয়া সুলতানা (৪০) ও আওয়ামী লীগের কর্মী উসমান।

জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভেতর ভাঙা আসবাবে আগুন জ্বলছে
ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে এনামুল হকের নেতৃত্বে একদল কর্মী জামরুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কের পাশে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তাঁরা সেখানে মোনাজাত করে চলে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক বলছেন, ‘৫ আগস্টের পর দীর্ঘ ১৮ মাস দলীয় কার্যালয় বন্ধ ছিল। এখন যেভাবেই হোক একটি নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় এসেছে। একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছে। আমরা চাই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি শুরু হোক। আমরা একসঙ্গে মিলে বাংলাদেশকে আবার নতুন করে গড়তে চাই।’

এ খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা এসে পতাকা স্ট্যান্ড ভাঙচুর করেন। পরে তাঁরা ওই ভবনের তৃতীয় তলায় আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙা আসবাবে আগুন ধরিয়ে দেন।

জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুর রহিম বলেন, ‘ঘটনা জানার পর সেখানে গিয়ে দেখি উৎসুক সাধারণ জনতা গণহত্যাকারী দল হিসেবে তাদের প্রতিহত করেছে। তবে তাঁদের দলীয় কার্যালয়ে কারা আগুন দিয়েছে জানি না।’

সন্ধ্যা সাড়ে ছয়টায় আওয়ামী লীগের ওই কার্যালয়ে গিয়ে দেখা যায়, তৃতীয় তলায় একটি কক্ষে তখনো আগুন জ্বলছে। ভবনের মালিকদের একজন তাহমিদ হাসানের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিনই ওই কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়। পরে ওই ভবনে ভাড়ার বিজ্ঞপ্তিও তাঁরা দিয়েছিলেন। তবে আগুনে পোড়া তৃতীয় তলার ওই ফ্ল্যাট কেউ ভাড়া নিতে আগ্রহী হয়নি। এ কারণে তালাবদ্ধ অবস্থায় ছিল। আজ আবার ওই কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

জানতে চাইলে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যালয় খোলা ও প্রচারণা চালানোর অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।