নিখোঁজের চার দিন পর হালদা নদীর তীর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের চার দিন পর হালদা নদীর তীর থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১২টার দিকে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমারখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম মুহাম্মদ আবুল কাসেম (৩০)। তিনি উত্তর মাদার্শা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহমতঘোনা এলাকার নুরুল হকের ছেলে এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার সকালে আবুল কাসেম অটোরিকশা নিয়ে ঘর থেকে বের হন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কাসেমের কোনো খোঁজ না পেয়ে গতকাল সকালে তাঁর মা হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে গতকাল রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় মানুষের মাধ্যমে কাসেমের পরিবার জানতে পারে, বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে নদীর কিনারায় তাঁর লাশ আটকে আছে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন প্রথম আলোকে বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে নিহত যুবকের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।