শ্রীপুরে শালবনে পড়ে ছিল অটোরিকশাচালকের লাশ

হত্যা
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে মো. ফালান মিয়া (২৬) নামের অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বেলতলী জোড়পুকুর এলাকায় একটি শালবনের ভেতরে লাশটি পাওয়া যায়। গত রোববার সকাল থেকে ওই অটোরিকশাচালক নিখোঁজ ছিলেন। গতকাল সোমবার তাঁর স্ত্রী এ বিষয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মারা যাওয়া ফালান মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লঙ্গাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌর শহরের চন্নাপাড়া এলাকার একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

বেলতলী জোড়পুকুর এলাকার বাসিন্দা মো. নাজিম উদ্দিন বলেন, স্থানীয় এক ব্যক্তি জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় ভেতরে কিছুটা নিচু জায়গায় ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি স্থানীয় লোকজনকে জানান। পরে শ্রীপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

ফালানের স্বজন মো. মোজাম্মেল হক জানান, প্রায় তিন বছর ধরে শ্রীপুরের ২ নম্বর সিঅ্যান্ডবি, মাওনা চৌরাস্তা, মাওনা বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন ফালান। প্রতিদিনের মতো রোববার সকালে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। রাত হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরছিলেন না। পরে তাঁর স্ত্রী রিনা আক্তার থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর আজ দুপুরে বেলতলী জোড়পুকুর এলাকায় শালবনের ভেতরে একটি লাশ পাওয়ার খবর জানায় শ্রীপুর থানা-পুলিশ। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে দেখতে পান, লাশটি নিখোঁজ হওয়া ফালানের।

শ্রীপুর থানার উপপরিদর্শক মো. মাজহারুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।