ধর্মঘটের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জ থেকে ঢাকায় বাস চলছে, যাচ্ছে না ৮ জেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মঘটের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জ থেকে রাজশাহী বিভাগের আট জেলায় কোনো বাস চলাচল করছে না। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের এম এ মতিন বাসটার্মিনাল এলাকায়
ছবি: প্রথম আলো

দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ১০ দফা দাবিতে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটে সিরাজগঞ্জ ও রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ আছে।

তবে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় থেকে ঢাকাগামী বাস চলাচল করছে। এ ছাড়া সকাল ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের বাস ছেড়ে গেছে।

আরও পড়ুন

সিরাজগঞ্জ পৌর শহরের এম এ মতিন বাসটার্মিনাল এলাকায় গিয়ে দেখা গেছে, সিরাজগঞ্জ থেকে রাজশাহী বিভাগের কোনো জেলায় বাস যাচ্ছে না। অন্য জেলা থেকেও কোনো বাস শহরে ঢুকছে না। শুধু জেলার অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক আছে। জেলা থেকে উপজেলা পর্যায়ে কিছু বাস চলাচল করছে। তবে সংখ্যায় সেটা অনেকটাই কম।

মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের ৮টি জেলায় গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়। বিএনপির দাবি, অন্যান্য গণসমাবেশের মতো ৩ ডিসেম্বর  রাজশাহীর গণসমাবেশে জনসমাগম ঠেকাতে ক্ষমতাসীন দলের হস্তক্ষেপে এ ধর্মঘট ডাকা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনির্দিষ্টকালের এ ধর্মঘটের কারণে যাত্রীদের পাশাপাশি পরিবহনশ্রমিকেরাও চরম ক্ষুব্ধ।

টার্মিনাল এলাকায় কথা হয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তাঁতশ্রমিক আবু বক্কর সিদ্দিকের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের এলাকার আমরা তিনজন সিরাজগঞ্জে তাঁতের কাজ করি। আজ শুক্রবার আমরা কাজের মজুরি পেয়েছি। তাই বাড়িতে যাওয়ার জন্য তিনজন একসঙ্গে রওনা হয়েছি। এখন দেখি বাস নেই। বাধ্য হয়ে সিরাজগঞ্জ রোড এলাকার লোকাল বাসে উঠেছি। ওখানে গিয়ে আবার ভেঙে ভেঙে বাড়ি যেতে হবে। এতে আমাদের খরচ ও ভোগান্তি বাড়বে।’

ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় এম এ মতিন টার্মিনালে চালক ও তাঁদের সহকারীদের অলস সময় পার করতে দেখা গেছে। পরিবহনশ্রমিকদের অনেককে বাস পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে।

সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী হাসান পরিবহনের চালক সবুজ হোসেন বলেন, ‘মালিক ও শ্রমিকনেতারা কী করেন, আমাদের বুঝে আসে না। আমরা ভাই দিনে কামাই করে দিনে খাই। এক দিন কামাই না থাকলে আমাদের সংসার চলে না। যে অবস্থা দেখছি, তাতে রোববারের আগে বাস চলবে না। এই তিন দিনে আমার আয়রোজগার একেবারেই বন্ধ। দ্রব্যমূল্যের যে অবস্থা, এ সময় ধর্মঘটের কারণে আমাদের মতো শ্রমিকদের পরিবার-পরিজন নিয়ে চরম বিপদে পড়তে হচ্ছে।’

শহরের মিরপুর বাস টার্মিনালে বাস পরিষ্কার করা পরিবহনশ্রমিক আমির হামজা প্রথম আলোকে বলেন, ‘ধর্মঘটের কারণে আমাদের এ সপ্তাহে কোনো আয়রোজগার হবে না। আমরা দিনে কামাই করে দিনে খাই। যে কারণে পরিবহন বন্ধ থাকলে আমাদের চরম সমস্যা হয়।’

আরও পড়ুন

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন, পরিবহন মালিক সমিতি ধর্মঘট ডেকেছে। শ্রমিকেরা তাদের সঙ্গে একমত হয়েছেন। কিন্তু শ্রমিকদের তো চলতে হবে। কাজ না করলে তাঁদের কেউ টাকা দেবে না। ধর্মঘটের কারণে সব বিপদ শ্রমিকদের।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রথম আলোকে  বলেন, দেশের অন্যান্য বিভাগের মতো রাজশাহী বিভাগজুড়েও পূর্বপরিকল্পিতভাবে ধর্মঘট ডেকেছে আওয়ামী লীগ। সিরাজগঞ্জেও সব পরিবহন বন্ধ করা হয়েছে। তবে বিএনপির নেতা-কর্মীদের অনেকে ইতিমধ্যে রাজশাহী পৌঁছে গেছেন। ধর্মঘট উপেক্ষা করে আজও নেতা-কর্মীরা রাজশাহী যাচ্ছেন। ধর্মঘট ডেকে বিএনপির সমাবেশে লোকসমাগম ঠেকানো যাবে না।

অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী বলেন, ধর্মঘটের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। এটি পরিবহনমালিকদের বিষয়। তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না।

জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মেজবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে গতকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট চলছে। কোথাও কোনো সমস্যা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে। তবে ধর্মঘটের মধ্যেই ঢাকাগামী দূরপাল্লার বাস ছেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।
বিকল্প পথে গণসমাবেশে যাচ্ছেন বিএনপির কর্মীরা

শুক্রবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসগুলোতে বিএনপির নেতা-কর্মীদের দেখা গেছে। তাঁরা এসব বাসে করে বঙ্গবন্ধু সেতু পার হয়ে টাঙ্গাইলের বিভিন্ন রেলস্টেশন থেকে ট্রেনে করে রাজশাহীতে রওনা দিচ্ছেন। সকাল থেকেই ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনগুলোতে ভিড় লক্ষ করা গেছে।

বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার চৌধুরী প্রথম আলোকে বলেন, ধর্মঘটের বিষয়টি মাথায় রেখে রাজশাহী সমাবেশ যোগ দেওয়ার জন্য তাঁরা বিকল্প পথ খুঁজছিলেন। এ জন্য কষ্ট করে হলেও রাজশাহীগামী ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন। আজ উল্টো পথে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল রেলস্টেশন হয়ে রাজশাহীর উদ্দেশে যাত্রা করেছেন।