সড়কজুড়ে বিদ্যুতের শতাধিক খুঁটি, ঝুঁকি

বিদ্যুতের খুঁটিগুলো না সরিয়েই সড়ক প্রশস্ত করা হয়। এতে বিদ্যুতের অধিকাংশ খুঁটি সড়কে পড়ে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা পৌর শহরের থানা রোড এলাকায়
ছবি: প্রথম আলো

নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন সড়কের ওপর শতাধিক ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি রয়েছে। এসব খুঁটি এখনো সরানো হচ্ছে না। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা, পৌর কার্যালয় ও জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌর শহরের আয়তন ২১ দশমিক ২ বর্গকিলোমিটার। লোকসংখ্যা প্রায় ১ লাখ ২৫ হাজার। মোট সড়ক ১৬৮ কিলোমিটার। এর মধ্যে পাকা ৯৪ কিলোমিটার। নালার দৈর্ঘ্য ৬১ কিলোমিটার। শহরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রায় ১২ কিলোমিটার ৩৩ কেবি লাইন রয়েছে। এ ছাড়া ৭৫ কিলোমিটার অংশে ১১ কেবি লাইন ও ১১ /০.৪ লাইন থেকে টেনে নেওয়া লাইনের সংখ্যা ১৪০ কিলোমিটার। বিদ্যুতের খুঁটির সংখ্যা ৩ হাজার ৬৬০। ৯টি ফিডারে প্রায় ৪৯ হাজারের মতো গ্রাহক রয়েছে। ওই ৯টি ফিডারের আওতায় ১৮১টি ট্রান্সফরমার রয়েছে। ট্রান্সফরমারগুলোর সাইজ ১০০ কেভিএ থেকে সর্বোচ্চ ৭৫০ কেভিএ। বিদ্যুতের খুঁটিগুলোর মধ্যে পৌর শহরের বিভিন্ন সড়কের ওপর প্রায় ১০৫টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ২১টি খুঁটি সড়কের প্রায় মাঝখানো। নেত্রকোনা মডেল থানা থেকে সাতপাই রেলক্রসিং, পারলা ঢাকা বাসস্টেশন থেকে মোক্তারপাড়া সেতু এলাকা, মোক্তারপাড়ায় ডিসি বাংলো রোড থেকে মালনী রোড মোড় হয়ে অজহর রোডে অগ্রণী ব্যাংকসংলগ্ন এলাকা, তেরিবাজার মোড় থেকে রাজুরবাজার এলাকা, জয়নগর হাসপাতাল রোড, কুড়পাড় রোড ও নাগড়া মাইক্রোস্টেশন মোড় থেকে থানা মোড় পর্যন্ত সড়কের প্রায় মাঝখানে অন্তত ২১টির মতো ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি রয়েছে। খুঁটিগুলো এখনো সরানো হচ্ছে না। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় চার বছর ধরে পৌর কর্তৃপক্ষ শহরের বিভিন্ন সড়ক সংস্কার ও প্রশস্তকরণ করছে। আগে বেশির ভাগ সড়কের প্রশস্ত ছিল ১০ থেকে ১২ ফুটের মতো, বর্তমানে তা ১৬ থেকে ২৪ ফুটের মতো প্রশস্ত করা হচ্ছে। কিন্তু বিদ্যুতের খুঁটিগুলো না সরিয়েই প্রশস্ত করা হয়। এতে বিদ্যুতের অধিকাংশ খুঁটি সড়কে পড়ে। এখন এসব খুঁটি ঘেঁষে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে।

জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল বলেন, খুঁটি রেখে রাস্তা প্রশস্ত করা ঠিক হয়নি। বিদ্যুৎ বিভাগ দ্রুত সড়কের ওপর ঝুঁকিপুর্ণ এই খুঁটিগুলো সরিয়ে নেওয়া প্রয়োজন। 

মেয়র মো. নজরুল ইসলাম খান বলেন, রাস্তা প্রশস্ত করার সময় খুঁটিগুলো সরিয়ে নিতে বিদ্যুৎ বিভাগকে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। অনেক স্থান থেকে কয়েকটি খুঁটি সরিয়ে নেওয়া হয়েছে।

নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান মাহমুদ এলাহী বলেন, পুরোনো খুঁটি সরানো, লাইন সংস্কার, নতুন ট্রান্সফরমার বসানোসহ বিভিন্ন উয়ন্নয়নমূলক কাজ চলছে। ঝুঁকিপূর্ণ কিছু খুঁটি রয়েছে, সেগুলো অল্প সময়ের মধ্যেই এগুলো সরিয়ে নেওয়া হবে।