নারায়ণগঞ্জে কল্যাণী খালের ভেতর পাঁচতলা ভবনের অংশসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের কল্যাণী খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরেছবি প্রথম আলো

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে কল্যাণী খালের মধ্যে গড়ে তোলা একটি পাঁচতলা ভবনের অবৈধ বর্ধিতাংশসহ পাঁচটি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দিনব্যাপী খাল পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

আজ সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের উচ্ছেদকারী দল এক্সকাভেটর এবং শ্রমিকেরা হামার ও হাতুড়ি নিয়ে অবৈধ স্থাপনার উচ্ছেদ শুরু করেন। পাঁচতলা ভবনের বর্ধিতাংশ ড্রিল মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। তিনি আহমেদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন কর্মসূচির আওতায় জলাবদ্ধতা নিরসনে ঐতিহ্যবাহী কল্যাণী খালের খননকাজ চলছে।

জলাবদ্ধতা নিরসনে খালের ভেতর থাকা অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
ইতিমধ্যে খালের ভেতরে থাকা ৬৬টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে জানিয়ে ইউএনও বলেন, এসব স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের আগেই নোটিশ দেওয়া হয় এবং আজ থেকেই অভিযান শুরু হয়েছে।

ইউএনও আরও বলেন, উচ্ছেদ অভিযানের আগে অনেক দখলদার নিজ উদ্যোগে নিজেদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন। পর্যায়ক্রমে বাকি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।