পুলিশ মাইক্রোবাস থামাতেই ব্যাগ হাতে দৌড় দেন নারী, পরে মিলল ইয়াবা

প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০টি ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পানির ট্যাংক এলাকায় এ অভিযান চালানো হয়।

ওই নারীর নাম খুকি আক্তার ওরফে পারভীন (৪২)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাপাইতলা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বাবুরহাট থেকে কুমিল্লার গৌরীপুর হয়ে ঢাকাগামী যাত্রীবাহী মাইক্রোবাসে ইয়াবার চালান আছে, এমন তথ্যের ভিত্তিতে পানির ট্যাংক এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। মাইক্রোবাসটি থামানোর পর এক নারী পলিথিনের ব্যাগ হাতে নিয়ে দ্রুত নেমে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে আড়াই হাজার ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার নারী আন্তজেলা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর বিরুদ্ধে কুমিল্লা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার নারী আন্তজেলা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর বিরুদ্ধে কুমিল্লা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতলব দক্ষিণ থানায় নতুন একটি মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।