গাজীপুরে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিক নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাকের চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মনীষা বেগম (২৪)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার ফটিকখালী গ্রামের রনি আহমেদের স্ত্রী এবং স্থানীয় লিবার্টি নিটওয়্যার কারখানার শ্রমিক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মনীষা বেগম হেঁটে আজ সকাল পৌনে আটটার দিকে কাজে যাচ্ছিলেন। যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকা অতিক্রম করার সময় টাঙ্গাইলগামী মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে থানাহেফাজতে নিয়েছে। এ ছাড়া ট্রাকটি আটক করেছে পুলিশ।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ওই নারী কর্মস্থলে যাওয়ার সময় ট্রাকের চাপায় নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।