সামাজিক আন্দোলনের মাধ্যমেই জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব: র‍্যাবের ডিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
ছবি: সংগৃহীত

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, দেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জঙ্গিবাদ ও মাদক। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মাদক ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। সামাজিক আন্দোলনের মাধ্যমেই জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মানবাধিকার সমুন্নত রেখেই দেশের নিরাপত্তার জন্য র‍্যাব কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে র‍্যাবের ডিজি এম খুরশীদ হোসেন বলেন, ‘আমেরিকা র‍্যাবের কিছু কাজকর্ম প্রশ্নবিদ্ধ করেছিল। আমরা তার প্রমাণসহ যথাযথ উত্তর দিয়েছি এবং সেটা তারা পর্যালোচনা করছে।’

এর আগে র‍্যাবের মহাপরিচালক জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।