সিদ্ধিরগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আসামি ৪২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। শনিবারের ছবি
প্রথম আলো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচির সময় দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ মামলা করেছে। এ মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৪২৩ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে ও ৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা আসামি।

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জ থানায় আজ রোববার দুপুরে মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) মুমিনুল হক। মামলায় সরকারি কাজে বাধা প্রদান, হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর হামলা ও গুরুতর জখম করার অভিযোগ আনা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানও রয়েছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার সাতজনসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য জসীম উদ্দিন, ইউসুফ আলী, সিদ্ধিরগঞ্জ থানা ২ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো. ফারুক, মুন্সীগঞ্জ গজারিয়া ছাত্রদলের সভাপতি মাহাদী ইসলাম ও মুন্সিগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম। মামলায় হুকুমের আসামি করা হয়েছে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে।

বিএনপির অবস্থান কর্মসূচি পালনের চেষ্টাকালে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার ওসি এবং বিএনপির অন্তত ১০ জন আহত হন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক  কাঁদানে গ্যাসের শেল ও শর্টগানের গুলি ছোড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানসহ সাতজনকে আটক করে। আটকের পাঁচ ঘণ্টা পর সাড়ে পাঁচটার দিকে সাখাওয়াত হোসেনকে ছেড়ে দেয় পুলিশ।